মার্চ থেকে নির্জন স্থানে বন্দি সৌদির সিনিয়র প্রিন্স: এইচআরডব্লিউ
সৌদি আরবের সিনিয়র প্রিন্স ফয়সাল বিন আবদুল্লাহ আল-সৌদ গত মার্চের শেষ দিক হতে নির্জন স্থানে বন্দি। তিনি সাবেক বাদশাহ আবদুল্লাহর পুত্র।
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এই তথ্য জানিয়েছে। রাজপরিবারের একটি সূত্রের বরাত দিয়ে সংগঠনটি জানিয়েছে, গত ২৭ মার্চ প্রিন্স ফয়সাল বিন আবদুল্লাহ আল-সৌদকে গ্রেফতার করা হয়।
এরপর তাকে করোনা ভাইরাস থেকে নিরাপদ রাখার কথা বলে রাজধানী রিয়াদের উত্তর-পূর্বের একটি নির্জন স্থানে বন্দি করে রাখা হয়েছে। সংস্থাটির এই তথ্যের ব্যাপারে সৌদি সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটিতে ধরপাকড়ের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া খবর প্রকাশ করে।
গত মার্চে মার্কিন ভিত্তিক আরএএনডি কর্পোরেশনের পলিসি বিশ্লেষক বেক্কা ওয়াসের বলেন, যুবরাজ সালমান তার উত্থানের যে কোনও হুমকি এবং তার শাসনের সমালোচকদের জেল দিয়েছেন বা হত্যা করেছে।
ভবিষ্যতে যেকেউ যেন তার বিরুদ্ধে কথা না বলে এসব তারই বার্তা। আলজাজিরা, ওয়াল স্ট্রিট জার্নাল।




