মার্কিন বিমানে বালিকার যৌন হেনস্থার অভিযোগ

বিমানের মধ্যে ১৩ বছরের মেয়ের যৌন নিগ্রহ। আমেরিকান এয়ারলাইন্সের বিরুদ্ধে আদালতে নির্যাতিতার বাবা–মা। ডালাস থেকে পোর্টল্যান্ড যাওয়ার জন্য আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে একাই উঠেছিল বছর ১৩–র ওই বালিকা। মেয়ের সুরক্ষার কথা ভেবে, ভাড়ার চেয়ে ১৫০ ডলার বেশি দিয়ে পাশের সিটটি ফাঁকা রাখার ব্যবস্থা করেন তার বাবা–মা। তা সত্ত্বেও যৌন হেনস্থা এড়ানো গেল না।
ওই একই বিমানে যাত্রা করছিল চ্যাড ক্যামেরন ক্যাম্প নামের বছর ২৬–এর এক যুবক। বিমানে ওঠার আগে পছন্দসই বসার জায়গা পেয়েছিল সে। মেয়েটিকে একলা পেয়ে পরে তা বদলায়। বিমানে বেশি লোকজন না থাকায় মেয়েটিকে হেনস্থা করতে থাকে সে। পরে বিমানসেবিকার হস্তক্ষেপে মেয়েটিকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয়েছে ওই যুবককে। বিমানসেবিকার সহায়তা পেলেও ওই বিমান সংস্থাকে আদলত পর্যন্ত টেনে আনতে উদ্যত হয়েছেন মেয়েটির বাবা–মা।
তাদের দাবি, ‘মেয়ের নিরাপত্তার কথা ভেবে বাড়তি খরচ করে পাশের সিটটি ফাঁকা রাখতে বলেছিলাম। তা সত্ত্বেও দীর্ঘ আধঘন্টা ধরে মেয়েটিকে এমন নির্যাতন সইতে হলো কেন?’ তাঁরা জানিয়েছেন, গোটা ঘটনার গভীর প্রভাব পড়েছে মেয়েটির মনে। আর কখনও বিমানে না চড়ার শপথ নিয়েছে সে। তার চিকিৎসা চলছে।
ওই মার্কিন সংস্থার বিমানে আগেও যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। ২০১৩ সালে একলা বিমানযাত্রীকে হেনস্থা করার অভিযোগ উঠেছিল এক পাইলটের বিরুদ্ধে। ১৯৯০ সালে ৯ বছর বয়সী এক পাকিস্তানি বালিকাও যৌন হেনস্থার শিকার হয়েছিল।




