আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মার্কিন বাহিনীকে ‘সন্ত্রাসী বাহিনী’ চিহ্নিত করে ইরানের সংসদে বিল পাস

পশ্চিম এশিয়ায় (মধ্যপ্রাচ্যে) মোতায়েন মার্কিন বাহিনী- ‘সেন্টকম’কে ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে চিহ্নিত করে ইরানের সংসদে একটি বিল পাস হয়েছে। মার্কিন সরকার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’কে সন্ত্রাসী বাহিনী হিসেবে কালো তালিকাভুক্ত করার পর পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেয়া হলো।
আজ (মঙ্গলবার) ইরানের সংসদ- মজলিসে শুরায়ে ইসলামিতে পাস হওয়া এ সংক্রান্ত বিলটির পক্ষে ১৭৩ ভোট পড়ে। এর বিপক্ষে ভোট দিয়েছেন মাত্র ৪ সাংসদ এবং ১১ জন ভোটদানে বিরত ছিলেন।
বিলটিতে বলা হয়েছে, সেন্টকমের পাশাপাশি যেসব সংস্থা ও সংগঠন এই বাহিনীর অধীনে কাজ করবে সেগুলোর সব ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে চিহ্নিত হবে। এতে আরো বলা হয়েছে, আইআরজিসি বা ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য আর্থিক, সামরিক, গোয়েন্দা, প্রযুক্তিগত, নির্বাহী বা আইনগত সহযোগিতাকে ‘সন্ত্রাসবাদ’ হিসেবে বিবেচনা করা হবে।
আইআরজিসি’র বিরুদ্ধে মার্কিন পদক্ষেপের প্রতিবাদে ইরানের সংসদ সদস্যরা এই বাহিনীর পোশাক পরে অধিবেশনে উপস্থিত হন
চার ধারাবিশিষ্ট বিলটিতে সেন্টকম’সহ এর অধীনে থাকা সকল সংগঠন সংস্থার তালিকা তৈরি করতে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। এরপর তালিকায় থাকা সন্ত্রাসী বাহিনী ও গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে বিলে উল্লেখ করা হয়েছে।
গত ৪ এপ্রিল মার্কিন সরকার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’কে ‘বিদেশি সন্ত্রাসী সংস্থা’গুলোর তালিকাভুক্ত করে। হোয়াইট হাউজ দাবি করে, ইরানের রাষ্ট্রীয় হাতিয়ার হিসেবে আইআরজিসি মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ তাৎক্ষণিকভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মোতায়েন মার্কিন বাহিনী- সেন্টকমকে সন্ত্রাসী বাহিনী হিসেবে চিহ্নিত করে। আজ সংসদে বিল পাসের মাধ্যমে নিরাপত্তা পরিষদের ওই পদক্ষেপকে আইনি রূপ দেয়া হলো।
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button