মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ!

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করছে এমন খবর প্রকাশিত হওয়ার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন। তিনি এটিকে একটি ‘হুমকি’ বলে অভিহিত করেছেন।
মার্কিন গণমাধ্যম জানিয়েছে, অক্টোবরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে রাশিয়া। দেশটি নির্বাচনে প্রভাব সৃষ্টির জন্য পার্টির বিভিন্ন কর্মতৎপরতার ওপর সাইবার হামলা চালাচ্ছে বলে জানায়।
এমন খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হিলারি বলেন, রাশিয়ার সম্ভাব্য সাইবার হামলার যে খবর ফাঁস হয়েছে তা পুরোপুরি মার্কিন নির্বাচনি প্রক্রিয়ায় অন্য একটি দেশের হস্তক্ষেপ। এ ব্যাপারে আমি গভীরভাবে উদ্বিগ্ন।
ইলিনয় অঙ্গরাজ্যের এক নির্বাচনি জনসভায় ভাষণ দিতে যাওয়ার সময় সাংবাদিকদের সাথে আলাপকালে হিলারি বলেন, এই ধরণের হস্তক্ষেপের জন্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পই দায়ী। কারন গুপ্তচরবৃত্তি করতে তার আহ্বানই রাশিয়াকে এই কাজে উদ্বুদ্ধ করেছে। এটি অবশ্যই বিদেশি শক্তির পক্ষ থেকে এক ধরনের হুমকি।
এদিকে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত জুলাই মাসে অ্যারিজোনা অঙ্গরাজ্যের ভোটার নিবন্ধন সিস্টেমে যে সাইবার হামলা হয়েছিলো তাতে রাশিয়ার জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে পত্রিকাটি।



