আন্তর্জাতিক সংবাদ

‘মার্কিন গুলিতে বিমান ভূপাতিত হওয়ার কথা ভুলবে না ইরান’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন বাহিনীর গুলিতে ইরানি যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার কথা তার দেশের জনগণ কখনো ভুলবে না। সোমবার নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পারস্য উপসাগরের আকাশে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরান এয়ারের একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার ২৯তম বার্ষিকীতে একথা জানান জারিফ।
তিনি বলেন, “১৯৮৮ সালের ৩ জুলাই মার্কিন যুদ্ধজাহাজ গুলি করে ইরান এয়ারের একটি বিমান ভূপাতিত করে যার ফলে এটির ২৯০ আরোহী নিহত হন। ওই ঘটনার পর জাহাজটির ক্যাপ্টেনকে নিরপরাধ মানুষ হত্যা করার কারণে বিশেষ পদকে ভূষিত করা হয়। ইরানিরা সে ঘটনা কখনোই ভুলবে না।”
১৯৮৮ সালের ওই মর্মান্তিক ঘটনায় জড়িত মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ভিনসেন্সের অত্যাধুনিক রাডার ব্যবস্থা থাকা সত্ত্বেও এটির ক্যাপ্টেন উইলিয়াম সি. রজার্স দাবি করেন, তিনি ইরান এয়ারের বিমানটিকে যুদ্ধবিমান বলে ভুল করেছিলেন।
ওই মর্মান্তিক ঘটনার এক বছর পর রজার্সকে ইরানের বেসামরিক নাগরিকদের হত্যার দায় থেকে বেকসুর খালাস দেয় একটি মার্কিন সামরিক আদালত। এ ছাড়া, ‘অসাধারণ কৃতিত্বের’ জন্য তাকে ‘লিজিয়ন অব মেরিট’ পদকে ভূষিত করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ।
সূত্র : ওয়েবসাইট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button