
সুমন হোসেন, শিবালয় প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-১ আসনে (শিবালয়-ঘিওর-দৌলতপুর) গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী হিসেবে মোহাম্মদ ইলিয়াছ হুছাইন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তিনি সোমবার মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মনিষা রানী কর্মকারের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় শিবালয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গণঅধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুছাইনের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে নির্ধারিত সময় ও নিয়ম অনুযায়ী মনোনয়ন দাখিল সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
মনোনয়ন জমা দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোহাম্মদ ইলিয়াছ হুছাইন বলেন, মানিকগঞ্জ-১ আসনের মানুষের সব ধরনের অধিকার রক্ষা, মানুষের খেদমত করা, যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা, কৃষি ক্ষেত্রের সিন্ডিকেট ভাঙ্গা, অসহায় মানুষের অধিকার নিশ্চিত ও জনগণের সব ধরনের সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করাসহ দুর্নীতিমুক্ত প্রশাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপরে, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে।




