মানিকগঞ্জে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের চালকসহ কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। এ সময় মহাসড়কের দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে ১০ কিলোমিটার এলাকায় গাড়ির দীর্ঘ লাইন সৃষ্টি হয়।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়ামিন উদ-দোলা জানান, মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী নীলাচল পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সেবা গ্রীন লাইনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাস দুমড়ে-মুচড়ে যায়। এ সময় নীলাচল পরিবহনের বাসের চালক ভিতরে আটকে গেলে পরে তাকে বাস কেটে বের করা হয়। এছাড়া চালকসহ তিনজন যাত্রীর অবস্থা আশংকাজনক।
এ ঘটনায় আরো অন্তত ৩০ জন যাত্রী আহত হন। মহাসড়ক থেকে বাস দুটিকে রেকার দিয়ে সরানো হচ্ছে।
ইত্তেফাক




