মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মূলজান ও টেপড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ ৩জন নিহত ও অন্তত ১৫ বাসযাত্রী আহত হয়েছেন।
শনিবার সকালে বাস খাদে পড়ে এবং বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হতাহত হন তারা। নিহতরা হলেন- বাস যাত্রী মানিকগঞ্জের শিবালয় উপজেলার উকিয়া গ্রামে আবদুল আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৫) এবং মোটরসাইকেল আরোহী একই উপজেলার কাতরাশিন গ্রামের আক্কাছ আলীর ছেলে আলমগীর হোসেন (২৫) ও ভবানীপুর গ্রামের আলাল উদ্দিনের ছেলে রাজিবুল হাসান (২৮)। আলমগীর ও রাজিবুল সম্পর্কে শ্যালক দুলাভাই। আহতদের মধ্যে ১১ জনকে মানিকগঞ্জ সদর ও তিনজনকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ছয়টার দিকে এনএনবি পরিবহনের ঢাকাগামী বাস মূলজান এলাকায় গিয়ে খাদে পড়ে গেলে অন্তত ১৫ যাত্রী আহত হন। তাদের ওই হাসপাতালগুলোতে নিয়ে যান স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বাসের ভেতর থেকে শহিদুলের লাশ উদ্ধার করেন। সকাল আটটার দিকে টেপড়া বাসস্ট্যান্ডে দর্শনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী পূর্বাশা পরিবহনের বাসের (ঢাকা মেট্রো ব ১৪-৯৭৬৯) সঙ্গে পাটুরিয়াগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন ওই দুই মোটরসাইকেল আরোহী।
বরংগাইল হাইওয়ে পুলিশ জানায়, ময়নাতদন্ত ছাড়াই ওই দুই মোটরসাইকেল আরোহীর লাশ গ্রহণের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করছেন স্বজনরা। আদেশের কাগজপত্র এলে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।




