মানিকগঞ্জে প্রধান শিক্ষককে হত্যাচেষ্টাকারী বহিষ্কৃত ছাত্র ও তার বন্ধু গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে খাবাশপুর লাবণ্য প্রভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে বিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র রাজু আহমেদকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। অপরদিকে এই মামলার অপর আসামি রাজু আহমেদের বন্ধু আরিফ হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার বিকালে র্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি-৩ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. আরিফ হোসেন। তিনি জানান, রাজু আহমেদ মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের মো. শহিদুল্লাহর ছেলে। ২০২২ সালে ৯ম শ্রেণিতে পড়া অবস্থায় রাজু পরীক্ষায় অসদুপায় অবলম্বনসহ বখাটেপনার অভিযোগে বিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়। এরই জেরে রোববার বেলা ১২টার দিকে বালিরটেক এলাকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে মাথায় ধারালো দা দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায়। রাজু প্রধান শিক্ষকের মৃত্যু নিশ্চিত ভেবে ঢাকায় পালিয়ে যায়। সদর থানার ওসি মো. আব্দুর রউফ সরকার জানান, রোববার রাতে প্রধান শিক্ষক মিজানুর রহমানের ভাই সাইফুল হক বাদী হয়ে মামলা করেছেন। রোববার বিকালে আরিফকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত মূল আসামি রাজুকে গতকাল আদালতে পাঠানো হয়েছে।



