মানিকগঞ্জে পুলিশী বাধায় বিএনপির আনন্দ র্যালী পন্ড

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: সাবেক মন্ত্রী হারুনর রশিদ খান মুন্নু ও তার কন্যা মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতাকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য নিযুক্ত করায় মানিকগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আনন্দ র্যালি পুলিশী বাধায় পন্ড হয়ে গেছে।
রোববার সকাল ১১ টার দিকে বৃষ্টিকে উপেক্ষা করে শত শত নেতাকর্মী আনন্দ র্যালিতে যোগ দিতে জেলা শহরের দলীয় কার্যালয়ে জড়ো হয়। আনন্দ র্যালী বের হবে এমন সময় পুলিশ বাধা দেয়। বাধার মুখে শহরস্থ সৈয়দ মার্কেটের সামনে আলোচনা সভা করেন নেতা কর্মীরা।
এতে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট মোকছেদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাতেন, জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট আতাউর রহমান ভূইয়া ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রায়হান উদ্দিন টুকু, বিএনপি নেতা নাসির উদ্দিন আহম্মেদ যাদু, জেলা যুবদল নেতা এস এম ইকবাল হোসেন, কাজী মোস্তাক হোসেন দিপু, জিয়াউদ্দিন আহম্মেদ কবির, জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রিন্স, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শরীফ ফেরদৌস, সাধারন সম্পাদক রফিক উদ্দিন ভুইয়া হাবু, জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক মাসুদ রানা প্রমুখ।



