Uncategorized

মানিকগঞ্জে ডাকাতির সময় জনতার হাতে ২ ডাকাত নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদরের বনপারিল গ্রামের সাবেক ইউপি মেম্বার ইউসুফ আলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি করে পালানোর সময় জনতার হতে তিন ডাকাত গণপিটুনির শিকার হয়। পরে হাসপাতালে নিলে তাদের মধ্যে দুইজন মারা যায়।
নিহত ডাকাতদের পরিচয় পাওয়া যায়নি। আশংকাজনক অবস্থায় আরেকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে ১৫-২০ জনের একটি ডাকাতদল সদর উপজেলার বনপারিল গ্রামের সাবেক ইউপি মেম্বার ইউসুফ আলীর বাড়িতে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। তাদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। প্রতিবেশীরা ডাকাতির বিষয়টি টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে ডাকাত আসার খবর প্রচার করেন। এ সময় এলাকার লোকজন ডাকাতদের ধাওয়া করে কয়েকজনকে আটক করে ও গনপিটুনি দেয়।
বাড়ির মালিক আলী আহমেদ জানান, ডাকাতরা তাদের ১০ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা লুটে নিয়ে গেছে। এ সময় ডাকাতদলের সদস্যরা বাড়ি থেকে বের হয়ে গেলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে। বাকি ডাকাতরা পালিয়ে গেলেও স্থানীয় লোকজন তিনজনকে ধরতে পেরে গণপিটুনি দেয়।
বৃহস্পতিবার সকাল আটটার দিকে আহত তিন ডাকাত সদস্যকে পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ আহত ডাকাত সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আটক একজনের নাম মিন্টু, তার বাড়ি সদর উপজেলার চেগারকোনা বলে এলাকাবাসী জানিয়েছেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। গ্রামবাসী তিনজনকে গণপিটুনি দিয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে।
উপপুলিশ পরিদর্শক টুটুল উদ্দিন জানান, গণপিটুনিতে আহত তিন ডাকাত সদস্যকে উদ্ধার করে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি দুইজনের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় সোয়া ৯টার দিকে মারা যান। আহত আরেক ডাকাত চিকিৎসাধীন রয়েছে। আহত ও নিহত ডাকাত সদস্যদের পরিচয় জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button