শিরোনাম

মানিকগঞ্জে করোনায় মৃত্যু ৫, শনাক্ত ৪০৪

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জে আরও একজন করোনা আক্রান্ত ব্যক্তি মারা গেছেন। নিহত বিজয় সরকারের(৪৫) বাড়ি ঢাকার ধামরাই এলাকায়। করোনা আক্রান্ত হওয়ার পর ওই ব্যক্তি নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। হঠাৎ শারীরীক অবস্থার অবনতি ঘটলে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টায় মানিকগঞ্জ জেলা হাসপাতালে আনা হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ (শনিবার) সকালে হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে মানিকগঞ্জ জেলা হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে মারা যান একজন। তার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চিলমারী এলাকায়। চাকরিসূত্রে তিনি মানিকগঞ্জে পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন। তিনি ৭ জুন বিকেল থেকে গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডে ভর্তি ছিলেন। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তার শরীরে উচ্চ মাত্রায় অক্সিজেনের প্রয়োজনে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করার সময় পথেই তার মৃত্যু হয়।
এছাড়া, আজ (শনিবার) সকাল ৯ টার দিকে জেলা হাসপাতালে আনার পর মায়া রাণী সূত্রধর (৫০) নামের একজনকে মৃত ঘোষণা করেন জরুরী বিভাগের চিকিৎসক। তবে, তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তার বাড়ি জেলার সাটুরিয়া উপজেলার কৈট্টা এলাকায়।
এনিয়ে জেলায় করোনা আক্রান্ত ৫ ব্যক্তি মারা গেলেন। তবে, সরকারি হিসেব অনুযায়ী ৪ জন। কেননা ধামরাই থেকে আসা নিহত ব্যক্তির করোনা শনাক্ত হয়েছিল নিজ এলাকায়।
গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জে নতুন করে আরও ১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা হলো ৪০৪ জন। নতুন শনাক্তদের মধ্যে সাটুরিয়া উপজেলায় সাত জন, সিংগাইর উপজেলায় পাঁচজন, ঘিওর উপজেলায় তিন জন এবং মানিকগঞ্জ সদর উপজেলায় দুই জন রয়েছেন। আজ (শনিবার) সকালে এ তথ্য নিশ্চিত করেন মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. রফিকুন নাহার বন্যা।
তিনি বলেন, আজ সকালে ১৩৮ টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এর মধ্যে ১৭ টির পজিটিভ এবং ১১ টির নেগেটিভ এসেছে। এ পর্যন্ত মোট চার হাজার ১০৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হয়েছিল। এর মধ্যে তিন হাজার ৮৫৫টির রিপোর্ট পাওয়া গেছে। যাতে পজিটিভ পাওয়া গেছে ৪০৪ জনের দেহে। এদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১১২ জন, সিংগাইর ও সাটুরিয়া উপজেলায় রয়েছেন ৮১জন করে, ঘিওর উপজেলায় রয়েছেন ৫৫ জন, হরিরামপুর উপজেলায় ৩৩, শিবালয় উপজেলায় ২৭ জন ও দৌলতপুর উপজেলায় রয়েছেন ১১জন।
আক্রান্তদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৮ জন এবং নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ২৫৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১১৫ জন এবং মারা গেছেন ৪ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button