মানিকগঞ্জে অষ্টধাতুর রাধা-কৃষ্ণের মূর্তি চুরি

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া শ্যাম সুন্দর আশ্রমে অষ্টধাতুর তৈরি রাধা-কৃষ্ণের দুইটি মূর্তি ও ছয়টি শীলা পাথর খন্ড চুরি হয়েছে। রবিবার রাতে আশ্রমের তালা ভেঙ্গে এগুলো নিয়ে যান চোরেরা।
আশ্রমের সেবায়েত মনোরঞ্জন চক্রবর্তী জানান, রাত সাড়ে তিনটার দিকে চোরেরা আশ্রমে তালা ভেঙ্গে ভেতর ঢুকেন। এ সময় তারা ৫/৬ কেজি ওজনের রাধা-কৃষ্ণের মূর্তি ও শীলা পাথরগুলো চুরি করে নিয়ে যায়।
এছাড়াও, একটি হারমেনিয়াম ও ক্যাশবাক্স ভেতর থেকে বের করে বাইরে ফেলে রেখে যায় চোরেরা। সকালে আশ্রমে এসে তিনি তা দেখে স্থানীয়দের ও পরে পুলিশে খবর দেন বলেও জানান মনোরঞ্জন।
আশ্রমের সাধারণ সম্পাদক অসিম কুমার সাহা জানান, মূর্তি ও পাথরগুলো মূল্যবান। এ কারণে পরিকল্পিতভাবে এগুলো চুরি করে নিয়ে গেছে। ধর্মীয় এসব জিনিসপত্র চুরি হওয়ায় স্থানীয় হিন্দু ও ভক্তের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত এগুলো উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার দাবি করেন তিনি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূর্তি ও জিনিসপত্র উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার চেষ্টা চলছে।




