আইন আদালত

মানহানির দুই মামলায় খালেদার জামিন বহাল

মানহানির অভিযোগে ঢাকা ও নড়াইলে করা পৃথক দুই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ মামলা দুটিতে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দেন। ফলে এ দুই মামলায় খালেদার জামিন বহাল রইলো বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।
নড়াইলের মামলায় গত ১৩ আগস্ট এবং ঢাকার মামলায় গত ১৪ আগস্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। পরে মামলা দুটিতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ও শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ৫ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ওই মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। এরপর ওই মামলায় জামিন চেয়ে খালেদা জিয়া আবেদন করেন।
৭ আগস্ট খালেদা জিয়ার আবেদন বিচারিক আদালতে নামঞ্জুর হয়। এরপর খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হলে গত ১৪ আগস্ট আদালত তাকে ছয় মাসের জামিন দেন। জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল করলে আপিল বিভাগ আজ সেই আবেদন খারিজ করেন।
এদিকে মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে ২০১৫ সালের ২১ ডিসেম্বর বিরুপ মন্তব্য করার অভিযোগে ওই বছরের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানির মামলা করা হয়। স্থানীয় এক মুক্তিযোদ্ধার সন্তান রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন গত ৫ আগস্ট খারিজ করেন নড়াইলের আদালত। এরপর হাইকোর্টে জামিনের আবেদন করা হলে আদালত গত ১৩ আগস্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন। এ জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে আজ আপিল বিভাগ খারিজ করে দিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button