
ভারতের মহারাষ্ট্রের কোলহাপুরে এক ব্যক্তি মাতাল হয়ে তার মাকে হত্যা করেছে। শুধু তাই নয়, ছুরি চালিয়ে হত্যা করে মায়ের হৃদপিণ্ড বের করে সেটা ‘চাটনি’ ও মরিচ মাখিয়ে খেয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নৃশংসভাবে মাকে হত্যাকারী ২৭ বছর বয়সী সুনীল কুচাকুরনিকে গ্রেফতার করা হয়েছে। তার মায়ের নাম ইয়েলাভা (৬৫)। স্থানীয় পুলিশ কর্মকর্তা সঞ্জয় মোরে বলেন, নির্মাণ শ্রমিক সুনীল বিবাহিত এবং তার তিন সন্তান আছে তবে তার স্ত্রী নিজের মামার বাড়িতে থাকে। ঘটনার দিন প্রচণ্ড মাতাল অবস্থায় গিয়ে প্রতিবেশীর কাছে খাবার চায় সুনীল। সেখানে খাবার না পেয়ে বাড়িতে এসে মায়ের সঙ্গে ঝগড়া শুরু করে।
তিনি যোগ করেন, এরপর রাগের মাথায় ছুরি দিয়ে আঘাত করে ও গলা টিপে মাকে হত্যা করে সুনীল। এরপর একটি প্লেটে মায়ের হৃদপিণ্ড তুলে রাখে। আমরা তাদের ঘরে চাটনি ও মরিচের গুড়া পেয়েছি যা সে হৃদপিণ্ডটার উপর মাখিয়ে ছিল। আমরা সন্দেহ করছি সুনীল তার মায়ের হৃদপিণ্ডর কিছুটা অংশ খেয়েছে। এনডিটিভি।




