
পতাকা ডেস্ক : ব্যাটারিচালিত তিন চাকার গাড়িগুলো মহাসড়কে উঠতে পারবে না বলে আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সোমবার (৪ এপ্রিল) আপিল বিভাগের এই আদেশের ফলে মহাসড়ক ছাড়া অন্য সব সড়কে এই যানগুলো চলার বৈধতা পেলো।
একটি রিট আবেদনে গত ১৫ ডিসেম্বর সারাদেশে ব্যাটারিচালিত অবৈধ থ্রি হুইলার ও ইজিবাইক চিহ্নিত করে অপসারণ করতে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।
সেই আদেশ সংশোধন চেয়ে বাংলাদেশ ইলেকট্রিক থ্রি-হুইলার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক আহসান সামাদ আপিল বিভাগে আবেদন করেন।
সে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ সংশোধন করে আদেশ দিয়েছে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তানিয়া আমীর ও মনিরুজ্জামান আসাদ।
বিদ্যুৎচালিত তিন চাকার যানগুলো অটো, ইজিবাইকসহ নানা নামে পরিচিত। দেশে কয়েক লাখ থ্রি হুইলার ও ইজিবাইক রয়েছে। তবে এসব যানবাহন চলাচলের সরকারি অনুমতি নেই।




