মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

সোহেল রানা, (ঢাকা) সাভার : সাভারের সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে ঢাকা আরিচা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজতে থাকা বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩০মে) দুপুরে সোয়া ১২টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।
এর আগে সোমবার (২৯ মে) রাত সোয়া ১০টার দিকে সাভারের সিএন্ডবি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সাভারের দক্ষিণ জামসিং এলাকার আব্দুর রব এর ছেলে মোঃ বাবু (২৪), সাভারের উত্তর চাপাইন লালটেক এলাকার মৃত বাবর আলীর ছেলে মোঃ মহিউদ্দিন ময়না (৩৩) ও তার ভাই মোঃ সাদ্দাম হোসেন (৩২), সাভারের আড়াপাড়া এলাকার মোঃ মজিদের ছেলে মোঃ রবিন (২৬), রাজবাড়ী সদর থানার চিতইবাজার এলাকার মৃত আব্দুর সাত্তারের ছেলে মোঃ সোহান (২০), সাভারের কলমা এলাকার মোঃ ফজলের ছেলে মোঃ রিপন (২৫) এবং সাভারের জামসিং এলাকার আকরাম আলীর ছেলে মোঃ জামাল (৩৫)।
গোয়েন্দা পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের সিএন্ডবি এলাকায় এক দল ডাকাত সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৭ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা সুইচগিয়ার, লোহার তৈরি চাকু, লোহার রড সহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গোয়েন্দারা আরও জানায়, গ্রেফতার আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা সবাই সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকায় ডাকাতির জন্য সমাবেত হয়েছে এবং দীর্ঘদিন যাবত ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় ডাকাতি করে আসছিল।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।



