মমতাজের ‘মধুর আড্ডা’র যাত্রাশুরু

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে মমতাজ চক্ষু হাসপাতাল, মমতাজ মা ও শিশু হাসপাতাল, মধু উজালা কোল্ড স্টোরেজ ও বাউল মিউজিয়ামের পর এবার আধুনিক ও মানসম্মত রেস্টুরেন্টের চালু করলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। রেস্টুরেন্টটি উদ্বোধনের তিনি বলেন, ‘‘আমার পরলোকগত বাবা মধু বয়াতির স্মৃতি স্মরণেই এ রেস্টুরেন্টের নামকরণ করা হয়েছে ‘মধুর আড্ডা’।’’
শনিবার সন্ধ্যায় পারিবারিক সদস্য ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে উপজেলার জয়মন্টপের ভাকুম গ্রামে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে মধুর আড্ডার উদ্বোধন করা হয়।
বেগম বলেন, ‘ঢাকার কাছাকাছি এলাকায় কেউ হয়ত গ্রামীণ পরিবেশে এমন একটি রেস্টুরেন্ট করতে আগ্রহী হয়ে উঠবেন। কেউ এগিয়ে না আশায় নিজেই শুরু করলাম। আজকে স্বল্প পরিসরে এর উদ্বোধন হলেও ঈদের পরে বড় আকারে এর যাত্রা শুরু হবে। প্রতি বছর মধুর মেলায় বিশেষ ব্যক্তিদের আগমন ঘটে থাকে। বিশেষ করে তাদের জন্যও এ রেস্টুরেন্টটি হতে পারে বসার স্থান।’
এ সময় মমতাজ বেগমের ছেলে মেহেদী হাসান, মেয়ে রোজ, রোহানি ও পারিবারের অন্য সদস্যরা ছাড়াও উপস্থিতি ছিলেন সিংগাইর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ, সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল ইমরান, অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শহিদুর রহমান শহিদ, পৌর মেয়র আবু নাঈম মো: বাশার, পল্লী বিদ্যুতের ডিজিএম মো: সফিকুল ইসলামসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।



