
রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, সেগুন বাগিচা ও মন্ত্রীপাড়া এলাকার ৪৫ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তবে অন্যান্য এলাকায় মশার উপস্থিতি কম বলে দাবি করেন তিনি।
শনিবার সকালে রাজধানীর কাঁঠালবাগানে এডিস মশার লার্ভা শনাক্ত ও ধ্বংসকরণ শীর্ষক এক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময মেয়র বলেন, ‘গত ২৫ জুন থেকে এ কর্মসূচি চলছে। আমাদের কর্মীরা প্রতিটি ওয়ার্ডে বাসায় বাসায় গিয়ে লার্ভা ধ্বংস করেছে। পাশাপাশি ওইসব বাড়ির মালিকদের এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করেছে।’
তিনি বলেন, ‘আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা জানতে পেরেছি অঞ্চল ১-এ প্রায় ৪৫ শতাংশ বাড়িতেই মশার লার্ভা পাওয়া গেছে। যা খুবই উদ্বেগজনক। এ কারণে আমরা এডিস মশার লার্ভা ধ্বংসকরণে আবারো কর্মসূচি নিয়েছি। এতে অঞ্চল ১-কে বেশি গুরুত্ব দিচ্ছি। বিশেষ করে ধানমন্ডি, কলাবাগান, মন্ত্রীপাড়া ও সেগুনবাগিচা এলাকার বাসাগুলোতে এডিস মশার লার্ভা বেশি পাওয়া গেছে। এই এলাকার প্রায় প্রতি ৩ বাড়ির একটিতে আমরা মশার লার্ভা পেয়েছি। এছাড়া দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল ২, ৩, ৪, ৫ এলাকার অবস্থা ভালো আছে। হিসাব অনুযায়ী এই এলাকার বাড়িগুলোর অবস্থা অতটা উদ্বেগজনক নয়।’
এসময় উপস্থিত ছিলেন- ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, সচিব মো. শাহাবুদ্দিন খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) শেখ সালাউদ্দিন প্রমুখ।




