মঙ্গলবার প্রস্তুতি ম্যাচ : অধিনায়ক নাসির

বাংলাদেশ সফরে এসে মঙ্গলবার প্রথম মাঠে নামছে সফরকারী ইংল্যান্ড। এ দিন ফতুল্লার খান সাহেব উসমান আলি স্টেডিয়ামে বিসিবি একাদশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে নেতৃত্ব দিবেন জাতীয় দলের মূল একাদশে সুযোগের অপেক্ষায় থাকা নাসির হোসেন।
ফতুল্লায় সকাল নয়টা থেকে অনুষ্ঠিত হবে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচটি। এতে বিসিবি দলে নাসির হোসেনের সঙ্গে জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েসও আছেন। এ ছাড়া আছেন সৌম্য সরকারও। আফগানিস্তানের বিপক্ষে সৌম্য সরকারের ব্যাটিংটা ভালো হয়নি। ফলে প্রস্তুতি ম্যাচে তার পারফর্মের উপর ভর করতে পারে তার মূল একাদশে জায়গা পাওয়া না-পাওয়াটা।
বিসিবি একাদশে আরো আছেন আল আমিন হোসেনও। ফিটনেসজনিত কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তাকে নেয়া হয়নি। তবে রুবেল হোসেনকে বাদ দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য সুযোগ পেয়েছেন তিনি।
বিসিবি একাদশ
ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নাসির হোসেন (অধিনায়ক), শুভাগত হোম চৌধুরী, আল আমিন (জুনিয়র), নুরুল হাসান, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আল আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, এবাদত হোসেন ও আলি আহমেদ মানিক।




