
ভ্যাকসিন ইস্যুতে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ-ভারত সম্পর্ক। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে নানা চর্চা। ইংরেজি দৈনিক নিউএজ সম্পাদক, খ্যাতিমান সাংবাদিক নুরুল কবীর এ নিয়ে ফেসবুকে লিখেছেন, ভারত আমাদের এতই ঘনিষ্ঠ বন্ধু, যখন আমাদের নদীগুলো পানিতে উপচে পড়ে, তখন তারা আমাদের পানি দেয়। যখন আমাদের কৃষকরা পিয়াজ ঘরে তোলেন, তখন তারা আমাদের কাছে পিয়াজ পাঠায়। যখন আমরা অন্য বিকল্পগুলোকে বাতিল করে দেই, তখন তারা আমাদেরকে করোনার টিকা দিতে অস্বীকৃতি জানায়। এমন বিস্ময়কর বন্ধুত্ব থেকে মুক্তি পাওয়া উচিত আমাদের!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, টকশো আলোচক ড. আসিফ নজরুল এ প্রসঙ্গে লিখেছেন, বিবিসির আজকের রিপোর্ট অনুসারে ভারতের বায়োটেকের উৎপাদিত টিকা অনুমোদিত হয়েছে পিয়ার রিভিউ (ফেজ ১ ও ২ ) ছাড়া এবং অসম্পূর্ণ ফেস থ্রি ট্রায়ালের ভিত্তিতে। এটা তো উদ্বেগজনক! মনে হচ্ছে অক্সফোর্ডের ভ্যাকসিন না দিয়ে শেষে বায়োটেকের ভ্যাকসিন ভারত আমাদেরকে গছিয়ে দেয়ার চেষ্টা করতে পারে। সরকার কি তখন শক্ত থাকবে?




