আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ভোট জালিয়াতির কোনো প্রমাণ নেই: ইউএস ইলেকশন কমিশন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির যে অভিযোগ ডনাল্ড ট্রাম্প তুলেছেন, তা নাকচ করেছেন দেশটির একজন নির্বাচন কমিশনার।
শনিবার ফেডারেল ইলেকশন কমিশনের কমিশনার এলেন উইনট্রব মার্কিন গণমাধ্যম সিএনএনকে বলেছেন, এবারের নির্বাচনে সত্যিকারে জালিয়াতির কোনো প্রমাণ নেই।
তিনি বলেন, সারা দেশে রাজ্য ও স্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং নির্বাচন কর্মকর্তারা সজাগ রয়েছে। নির্বাচন নিয়ে খুব কম অভিযোগ এসেছে।
কোনো ধরনের ভোট জালিয়াতির কোনো প্রমাণ নেই উল্লেখ করে তিনি বলেন, প্রকৃতপক্ষে এ বিষয়ে আমার কথা বলার কিছু নেই। কারণ সারা দেশের জনগণ ও নিরপেক্ষ নির্বাচন বিশেষজ্ঞরা এগিয়ে এসেছেন এবং এই নির্বাচন নিয়ে কাজ করেছেন।
ভোটের লড়াইয়ে ক্রমশ পিছিয়ে পড়া প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের দিন থেকেই প্রমাণ ছাড়াই ভোটে কারচুপির অভিযোগ করে আসছেন।
তবে নির্বাচন কমিশনার এলেন উইনট্রব বলছেন, নির্বাচন নিয়ে যেসব অভিযোগ এসেছে তার কোনোটিতেই জালিয়াতির কোনো প্রমাণ দেওয়া হয়নি।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে এখনো ভোট গণনা চলছে। পেনসিলভানিয়া, জর্জিয়া, অ্যারিজোনা, নেভাদা ও নর্থ ক্যারোলাইনায় ভোট গণনা এখনো শেষ হয়নি। বাকি রয়েছে আলাস্কাতেও।
নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলেছেন ট্রাম্প। মামলাও করেছেন। জর্জিয়ার মামলায় ট্রাম্প শিবিরের অভিযোগ ছিল, দেরিতে আসা ৫৩টি ব্যালট আগে আসা ব্যালটের সঙ্গে মেশানো হয়েছিল। মিশিগানে ভোট গণনা বন্ধের আশায় ট্রাম্পের প্রচার শিবির মামলাটি করেছিল। যুক্তরাষ্ট্রের মিশিগান ও জর্জিয়ায় ট্রাম্প শিবিরের করা মামলা খারিজ করে দিয়েছেন স্থানীয় আদালতের বিচারকেরা। মিশিগান অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের স্পিকার অঙ্গরাজ্যটির নির্বাচন ও এর ভোট গণনাপদ্ধতি নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button