
আসাদুল্লাহ মাসুম, গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনা হয়েছে বলে দাবি করেছেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কাপাসিয়া উপজেলা সদরের রায়েন্দা গ্রামের বটতলায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক’ এই সভায় তিনি বলেন, “আওয়ামী ফ্যাসিস্ট সরকার সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছিল। দীর্ঘ আন্দোলন-সংগ্রামে বিএনপি নেতৃত্ব দিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে।”
তিনি আরও বলেন, “সাধারণ মানুষের কল্যাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। তা বাস্তবায়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।”
নিজেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে উল্লেখ করে শাহ রিয়াজুল হান্নান বলেন, “কাপাসিয়ার উন্নয়নে আমার পিতা, মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ আজীবন কাজ করে গেছেন। তাঁর অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হলে ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করতে হবে।”
তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে কাপাসিয়ায় পরিবেশবান্ধব কলকারখানা স্থাপন, বেকার যুবকদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন এবং মা-বোনদের সামাজিক নিরাপত্তা জোরদারের পরিকল্পনা রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট “ফ্যাসিবাদের পতনের” পর একটি স্বাধীনতা বিরোধী চক্র ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে দাবি করে তিনি বলেন, “তারা ভোট নস্যাৎ করতে চাইছে এবং সুকৌশলে মা-বোনদের বিভ্রান্ত করছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপির ৯ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হক মীর এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খোকা। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু ও সাধারণ সম্পাদক আজগর হোসেন খান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, উপজেলা বিএনপি নেতা কাজী আফতাব উদ্দিন, প্রেসক্লাব সভাপতি ও আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, বিএনপি নেতা মীর মাসুদ করিম, মেজবাহ উদ্দিন, আমিনুর রহমানসহ অনেকে।



