শিরোনাম

ভৈরবে সিলগালা খোলার অপরাধে খাদ্য গুদামের পরিদর্শক আটক

সিলগালা করা গুদাম খোলার অপরাধে ১০ শ্রমিকসহ কিশোরগঞ্জের ভৈরব সরকারি খাদ্য গুদামের পরিদর্শক কামরুল হাসানকে আটক করা হয়েছে।
মহাপরিচালকের নির্দেশে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা রবিবার সন্ধ্যায় তাদেরকে খাদ্য গুদাম থেকে পুলিশের সহায়তায় আটক করেন। এ সময় খাদ্য বিভাগের কিশোরগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর হোসেন তার সঙ্গে ছিলেন।
আটককৃত শ্রমিকরা হলেন- গুদামের সরদার আবদুস সালাম, শ্রমিক আ. হান্নান, ফরিদ মিয়া, সোহরাব হোসেন, তাজুল ইসলাম, মিটন, মহন মিয়া, লোকমান হোসেন, বরজু মিয়া ও রউফ মিয়া। তাদেরকে আটক করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা পুনরায় গুদামটি সিলগালা করে দেন।
জানা যায়, শনিবার বিকেলে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. সারোয়ার মাহমুদ ভৈরব সরকারি খাদ্য গুদাম পরিদর্শন করতে আসেন। এ সময় তিনি ২ ও ৩ নম্বর গুদামে চালের মজুত কম সন্দেহ করে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) কামরুল হাসানকে জিজ্ঞাসা করে কোন সদুত্তর পাননি। এছাড়াও তিনি গুদামের পাশে একটি রাইস মিলের মধ্যে সংযোগ গেট দেখতে পান। তিনি ২ ও ৩ নম্বর গুদাম সিলগালা করে ঢাকায় চলে যান। পরে তিনি ঢাকা থেকে কিশোরগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর হোসেনকে নির্দেশ দেন গুদামের সাথে রাইস মিলের সংযোগ ইটের দেয়াল দিয়ে বন্ধ করে দিতে।
নির্দেশ পেয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর হোসেন রবিবার দুপুরে গুদামে এসে রাইস মিলের সংযোগে দেওয়াল দেয়ার ব্যবস্থা করেন। এ সময় তিনি দেখতে পান সিলগালা করা ৩ নম্বর গুদামটির দরজা খোলা এবং গুদামের ভেতর ঠিকাদারের শ্রমিকরা বস্তার খামাল (সারি) ঠিকঠাক করছে। তৎক্ষণাৎ তিনি পরিদর্শককে ঘটনা জিজ্ঞাসা করলে তিনি সদুত্তর দিতে পারেননি। পরে তিনি ঢাকায় মহাপরিচালককে মোবাইলে ঘটনাটি অবহিত করলে মহাপরিচালকের নির্দেশ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা পুলিশসহ ঘটনাস্থলে এসে খাদ্য কর্মকর্তাসহ ১০ শ্রমিককে আটক করেন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর হোসেন জানান, মহাপরিচালকের সিলগালা ভেঙে খাদ্য পরিদর্শক অপরাধ করেছেন। গুদামে মজুতকৃত চাল কম রয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি বিষয়টি দেখবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, খবর পেয়ে গুদামে গিয়ে ৩ নম্বর গুদামের সিলগালা ভাঙা পাই এবং শ্রমিকরা গুদামের ভেতর কাজ করছিল দেখতে পাই। খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button