আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ভেঙ্গে ফেলা হবে হিটলারের বাড়ি

হিটলারের স্মৃতি বিজড়িত বাড়িটি ভেঙ্গে ফেলা হবে বলে জানা গেছে। অস্ট্রিয়া সরকার দেশটির ব্রাউনাউ এ্যাম ইন শহরে অবস্থিত হিটলারের ওই বাড়িটি ভেঙ্গে ফেলার প্রস্তাব তুলেছে। উল্লেখ্য ১৮৮৯ সালে হিটলার অস্ট্রিয়া-জার্মানী সীমান্তের নিকট জন্মগ্রহণ করেন।
নব্য নাৎসীদের তীর্থস্থানে পরিণত হয়ে উঠতে পারে এমন আশংকা থেকে বাড়িটি গুড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভিয়েনা। সোমবার অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ওলফ্যাং সোবোতকা বাড়িটি ভাঙার প্রস্তাব তুলে বলেছেন, ‘হিটলারের বাড়ি যাতে চিহ্নিত করা না যায় সেজন্য বাড়িটি স্থায়ীভাবে ধ্বংস করতে হবে।’
তবে বাড়িটি ভাঙতে হলে অস্ট্রিয়ার জাতীয় সংসদে ওই প্রস্তাবটি পাস করতে হবে। অস্ট্রিয়ার নাগরিকরা ধারণা করছেন, সংসদে প্রস্তাবটি কোন রকম বাধার সম্মুখীন হবে না এবং সর্ব সম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়ে যাবে।
তিনতলা বিশিষ্ট বাড়িটির বর্তমান মালিক গারলিন্ড পোমার নামের একজন নারী। তবে ১৯৭২ সাল থেকে সরকার বাড়িটি ভাড়া নিয়ে একটি প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্র পরচিালনা করে আসছিল। তবে ২০১১ সাল থেকে বিগত পাঁচ বছর ধরে বাড়িটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।
বাড়ির মালিক পোমার বাড়িটি বিক্রি করা কিংবা নতুন ডিজাইন করতে দিতে নারাজ। কিন্তু শক্ত অবস্থান নেয়া অস্ট্রিয়া সরকার বাড়িটি ভাঙতে জোড় চেষ্টা চালাচ্ছে। এ বছরের শেষের দিকে বাড়ি ভাঙার সব আনুষ্ঠানিকতা শেষ হলেই সরকার বাড়িটি গুড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।
ইহুদি সম্প্রদায় ও নাজি-বিরোধীরা হিটলারের বাড়িটি ভেঙ্গে ফেলার পক্ষে অবস্থান নিলেও অস্ট্রিয়ার ইতিহাসবিদরা ঘোর আপত্তি তুলে বলছেন, ‘বাড়িটি ধ্বংস করে ফেলার অর্থ হবে অস্ট্রিয়ার ইতিহাসকে অস্বীকার করা। বর্তমানে হিটলারের সঙ্গে সম্পর্কযুক্ত খুব কম স্থাপনাই অবশিষ্ট আছে। ফলে তিন তলা বিশিষ্ট হলুদ রঙের ওই বাড়িটি না ভেঙ্গে বরং সংরক্ষণ করা উচিত।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button