ভিসির বাসভবনের সামনে আগুন, আজ ওবায়দুল কাদেরের সাথে বৈঠক

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। গতরাতে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিলেও তা স্তব্ধ না হয়ে ক্ষোভ বাড়িয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাস ভবনে রাত ২টার দিকে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। অনেকে ভিসিরর বাস ভবন ভাঙচুরের চেষ্টাও করে।
এদিকে রোববার দিবাগত রাত দেড়টার দিকে সরকারের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের ব্রিফ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, দীর্ঘদিন ধরেই কোটা ব্যবস্থা চলে আসছে। এটা সংস্কারের জন্য শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। বিষয়টি সম্পর্কে সরকার এবং সরকার প্রধান অবগত আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সোমবার সকাল ১১টায় আন্দোলনরত শিক্ষার্থীদের নেতৃত্ব দানকারীদের নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আলোচনায় বসবেন।




