
“জামায়াতে ইসলামীর সমর্থন পেয়েও শরীকদের সহযোগিতা না করায় ১১ দলে অসন্তোষ” শিরোনামে প্রকাশিত একটি সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবি পার্টির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা এবং সদস্য সচিব আলতাফ হোসাইন।
এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, উক্ত সংবাদে উত্থাপিত বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। ১১ দলীয় জোটের শরীকদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সৌহার্দ্য ও সমন্বয় অত্যন্ত সুদৃঢ় ও সুসংহত। জোটের অভ্যন্তরে কোনো ধরনের অসন্তোষ বা সহযোগিতার ঘাটতি নেই। বরং ঐক্যবদ্ধভাবেই জোট দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
তারা আরও বলেন, একটি মহল পরিকল্পিতভাবে ১১ দলীয় জোটের ঐক্য নষ্ট করতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে এ ধরনের বানোয়াট সংবাদ পরিবেশন করছে, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী এবং অনাকাঙ্ক্ষিত।
নেতৃবৃন্দ সংশ্লিষ্ট গণমাধ্যমকে দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন ও যাচাইবিহীন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে।
একই সঙ্গে তারা দেশবাসীকে গুজবে কান না দিয়ে সত্য ও বাস্তবতার ওপর আস্থা রাখার আহ্বান জানান এবং ১১ দলীয় জোটের ঐক্য ও রাজনৈতিক কর্মসূচি আগের মতোই দৃঢ়ভাবে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
খবর বিজ্ঞপ্তি’র




