ছবি ও ভিডিওতে শাহরুখ কন্যা জানালেন বয়স এখন ২০

বলিউড সুপারস্টার শাহরুখ খানের মেয়ে সুহানা খান তার ২০তম জন্মদিনের পর শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে গ্লামারাস ছবি এবং ভিডিও পোস্ট করেছেন। ইনস্টাগ্রামের একটি ভিডিওতে লিখেছেন, ‘আমি এখন বিশে’।
শুক্রবার জন্মদিন উদযাপন করা সুহানা ভিডিওর পাশাপাশি ছবিতে দারুণ একটি বার্তা দিয়েছেন ভক্তদের। লিখেছেন, ‘আর দশ বছরে আমি ত্রিশে পড়বো।’
সুহানার যে বয়স হচ্ছে, সেটি তার বন্ধু-বান্ধবীদের কমেন্ট দেখলেও বোঝা যায়। একজন লিখেছেন, ‘কালে কালে অনেক বেলা হয়ে গেল!’
বলিউডে পা রাখার আগেই ‘হিট’হয়ে যাওয়া এই তরুণী সামাজিক যোগাযোগমাধ্যমে ভালাই সক্রিয়। প্রায়ই তাকে ছবি-ভিডিও পোস্ট করতে দেখা যায়।
বেশ কিছুদিন হল সুহানা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সবার জন্য উন্মুক্ত করেছেন। ইতিমধ্যে ৮ লাখের বেশি ফলোয়ারও জুটে গেছে তার।
সুহানা কবে সিনেমায় নাম লেখাবেন, সেটি জানার আগ্রহ অনেকেরই। তিনি নিজে দিনক্ষণ না বললেও আগে জানিয়েছেন, হয়তো কোনোদিন করবেন।
তিনি যে প্রস্তুতি নিচ্ছেন সম্প্রতি সেটি বোঝা গেছে আরেকটি খবর থেকে। লকডাউনে বাসায় বন্দী থেকেও তারকা কন্যা তার নাচের অনুশীলন বন্ধ রাখেননি। প্রশিক্ষকের কাছে অনলাইনে বেলি নাচ শিখছেন। সুহানার প্রশিক্ষক সঞ্জানা মুথেরার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানা যায়।




