
দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের (গভর্নিং বডি) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এদিন সকাল ১০টা থেকে প্রতিষ্ঠানটির চারটি ক্যাম্পাসে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে।
ভোটকেন্দ্রের বাইরের পুরো বেইলি রোডপাড়ায় এখন এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। এদিকে কেন্দ্রের বাইরের অভিভাবকদের দীর্ঘলাইন দেখা গেছে।
সেখানে আগত ভোটারদের শিক্ষাপ্রতিষ্ঠানের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দিয়ে শেষ মুহূর্তে মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা।
কলেজ শাখার এক শিক্ষার্থীর অভিভাবক মো. সাইফুল ইসলাম বলেন, যারা এই প্রতিষ্ঠানের কোনো প্রকার ভর্তিবাণিজ্য করবে না এবং সুষ্ঠুভাবে প্রতিষ্ঠান পরিচালনা করবে, আমরা তাদেরই ব্যালটের মাধ্যমে নির্বাচিত করব।
আগামী দুই বছর প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন করা হবে। এ নির্বাচনে প্রার্থী হয়েছেন ৩৩ জন। ২৩ হাজারের বেশি ভোটার ভোট দেবেন এবারের নির্বাচনে। এই নির্বাচনের মাধ্যমে প্রাথমিকে ১ জন, মাধ্যমিকে ২ জন ও কলেজ শাখা থেকে ২ জন প্রতিনিধি নির্বাচিত হবেন।
এছাড়া শিক্ষকদের মধ্য থেকে ৩ জন সদস্য ও ১ জন সংরক্ষিত সদস্য নির্বাচিত হবেন। নির্বাচিতরা ভিকারুননিসা কর্তৃপক্ষের সঙ্গে মিলে মূলত প্রতিষ্ঠানটি পরিচালনা করবেন। উন্নয়ন, ব্যবস্থাপনা, সিলেবাস, রুটিন সাজানোর বিষয়ে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।




