শিক্ষাশিরোনাম

ভিকারুননিসায় কান্না, পরীক্ষা বর্জন করে বিক্ষোভ

 রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্যদের পদত্যাগের দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকে স্কুলের সামনে বিক্ষোভ করেছেন ছাত্রীরা। এতে যোগ দেন অভিভাবকরাও। ছাত্রীরা পরীক্ষা বর্জন করে প্ল্যাকার্ড হাতে নিয়ে কর্তৃপক্ষের বিরূপ আচরণের প্রতিবাদ জানায়।

অরিত্রীর আত্মহত্যার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় ও স্কুল কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। স্কুলের তদন্ত কমিটিকে তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের রিপোর্ট পাওয়ার পর তা আমলে নিয়ে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

এদিকে অভিমান নিয়ে বন্ধু অরিত্রী অধিকারীর চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছে না তার সহপাঠীরা। অরিত্রীর কথা মনে করে কান্নায় ভেঙে পড়ছে তারা। অরিত্রীর আত্মহত্যার ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেয় কেউ কেউ। তারা অভিযোগ করে, স্কুল কর্তৃপক্ষের অযাচিত আচরণের কারণেই অরিত্রী আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।

ভিকারুননিসা নূন স্কুলের সামনে বিক্ষোভরত এক শিক্ষার্থী কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘অবশ্যই তার (অরিত্রী) জন্য যদি পরীক্ষা বর্জন করতে হয় আমি করব। কিন্তু তবু আমি তার এ রকম অবস্থার বিচার চাই।’

শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সহমত পোষণ করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান অভিভাবকরা।

বিক্ষোভরত আরেক শিক্ষার্থী বলে, ‘আমরা স্টুডেন্ট আমরা কেন নিয়ম মানব না, আমরা সব নিয়ম মানব, যখনই প্রিন্সিপাল-ভাইস প্রিন্সিপাল আর গভর্নিং বডির উনারা উনাদের ভুল স্বীকার করে পদত্যাগ করবেন, সঙ্গে সঙ্গে এখনই আমরা মেয়েরা পরীক্ষার হলে ফিরে যাব।’

বিক্ষোভে অংশ নেওয়া স্কুলের এক ছাত্রীর বাবা বলেন, ‘এটার একটা সুষ্ঠু তদন্ত হোক, কে দোষী সেটা চিহ্নিত হোক, তার বিচার হোক, এই মুহূর্তে এটাই আমাদের দাবি।’

এক নারী অভিভাবক বলেন, ‘যেখানে মরে গেলেও কিছুই বিচার হয় না। আর আমাকে বকা দিয়েছে, আমি তো প্রমাণই করতে পারব না, আপা আমাকে এগুলো বলেছে, তুমি কি চাও আমি স্কুলে যাই। তুমি যদি আমাকে স্কুলে পাঠাও, তুমি কি চাও আমি সুইসাইড করি?’

ঘটনা সম্পর্কে জানতে সকালে ভিকারুননিসা নূন স্কুলে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় শিক্ষামন্ত্রীর গাড়ি আটকে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। তিনি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় করে তদন্ত কমিটির রিপোর্ট আমলে নিয়ে ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে স্কুল গেটের বাইরে প্ল্যাকার্ড নিয়ে মৌন প্রতিবাদ করায় দুই পথচারীকে আটকের চেষ্টা করে পুলিশ। আন্দোলনরত শিক্ষার্থী ও অভিভাবকদের তোপের মুখে তাদের ছেড়ে দিতে বাধ্য হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গতকাল সোমবার পরীক্ষায় নকল করার অভিযোগে অরিত্রীর বাবাকে স্কুলে ডেকে অপমান করে স্কুল কর্তৃপক্ষ। বাবার অপমান সইতে না পেরে নিজ বাসায় আত্মহত্যা করে ভিকারুন্নেসা নূন স্কুলের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারী।এনটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button