শিক্ষাশিরোনাম

ভিকারুননিসার অধ্যক্ষসহ ৩ শিক্ষক বরখাস্ত

মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষককে বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটির গভর্নিং বডি।
বুধবার (৫ ডিসেম্বর) গভর্নিং বডির সভাপতি গোলাম আশরাফ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। বরখাস্ত হওয়া তিন শিক্ষক হলেন অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও সহকারী শিক্ষক হাসনে হেনা।
গভর্নিং বডির সভাপতি গোলাম আশরাফ তালুকদার বলেন, আমরা গভর্নিং বডির সদস্যরা সভা করে আমাদের অভিভাবক মন্ত্রণালয় ও বোর্ডের নির্দেশনা অনুযায়ী তিন শিক্ষককে বরখাস্ত করেছি। যেহেতু তারা তিনজনই মামলার আসামি, তাই গভর্নিং বডির সেক্রেটারি হওয়া সত্ত্বেও অধ্যক্ষকে এ সভায় রাখা হয়নি। আমরা এ বিষয়ে তিনজনকেই চিঠি দেবো। এ ছাড়া তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানান তিনি।
গভর্নিং বডির সদস্য আতাউর রহমান জানান, আগামী শনিবার (৮ ডিসেম্বর) থেকে পূর্ব নির্ধারিত রুটিনে পুনরায় পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া বুধবারের (৫ ডিসেম্বর) পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (৭ ডিসেম্বর)। আর আগামীকাল বৃহস্পতিবারের (৬ ডিসেম্বর) পরীক্ষা হবে আগামী মঙ্গলবার (১১ ডিসেম্বর)।
উল্লেখ্য, রোববার (২ ডিসেম্বর) পরীক্ষায় নকল করে ধরা পড়েন অরিত্রী অধিকারী নামে ভিকারুননিসার নবম শ্রেণির এক শিক্ষার্থী। সোমবার দুপুরে ঢাকার শান্তিনগরের বাসায় নিজের ঘরে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে সে।
স্বজনদের দাবি, ওই ঘটনার পর অরিত্রীর বাবা-মাকে ডেকে নিয়ে অপমান করেছিলেন অধ্যক্ষ। সেই কারণে ওই কিশোরী আত্মহত্যা করে। আত্মহত্যার কিছুক্ষণ আগে সে তার মাকে জানিয়েছিল, মা এ লজ্জা নিয়ে বাঁচতে চাই না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button