ভারত-পাকিস্তান ফাইনালে বাজি ২,০০০০০০০০০০০

এই মুহূর্তে ক্রিকেট দুনিয়ার নজর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। ভারত বনাম পাকিস্তান ম্যাচের উত্তেজনার আঁচ দুই শিবিরেই পড়েছে। তেমনই হাই প্রোফাইল এই ম্যাচের পারদ চড়ছে বুকিদের মধ্যেও।
কত টাকার বাজি?
কমপক্ষে ২০০০ কোটি রুপির বাজি লেগেছে ভারত-পাকিস্তান ম্যাচের উপর। ভারতে বেটিং বেআইনি হলেও ব্রিটেনে নয়। তাই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের এই ম্যাচের উপরই বাজি ধরছেন বুকিরা। অল ইন্ডিয়া গ্যাম্বলিং ফেডারেশন-এর তথ্য অনুযায়ী, কমপক্ষে ২০০০ কোটি রুপির বাজি ধরা হয়েছে ভারত-পাক মহারণে।
পাকিস্তান জিতলে টাকা বেশি!
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিমধ্যেই পাকিস্তানকে হারানোর ফলে ভারতের উপরই বাজি বেশি। তবে তার মার্জিন কম। বিরাট কোহলির দলের উপর কেউ যদি ১০০ টাকার বাজি ধরেন এবং ভারত যদি ম্যাচ জিতে যায়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি ১৪৭ টাকা পাবেন। অন্যদিকে, একইভাবে পাকিস্তান জিতলে ওই ব্যক্তিই ৩০০ টাকা পাবেন।
১০ বছর বাদে আইসিসির কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেছে পাকিস্তান। তাই পাকিস্তান ক্রিকেটারদের উপর বাজির মার্জিন বেশি বলে জানা গেছে। তবে সারা বছরই ভারতীয় ক্রিকেট দলের উপর চলা বেটিং-এর পরিমাণ ২ লাখ কোটি টাকার কাছাকাছি। যা বিশ্বের যেকোনো ক্রিকেট খেলা দলের থেকে বেশি।
অংশগ্রহণের সুযোগ ভারতীয়দের জন্যও?
ভারতে বেটিং বেআইনি। কিন্তু, ব্রিটেনে নয়। তাই ব্রিটেনের ওয়েবসাইটগুলির মাধ্যমে ভারতীয়রা বেটিংয়ে অংশগ্রহণ করতেই পারেন। তবে সেক্ষেত্রে তাদের আন্তর্জাতিক ক্রেডিট কার্ড বা ই-ওয়ালেট ব্যবহার করতে হবে।




