লকডাউন শিথিল করার পর পরই ভারতের পশ্চিমবঙ্গে রেকর্ড পরিমাণে মদ বিক্রি হল। প্রদেশটিতে মাত্র ১০ ঘণ্টায় প্রায় ১১২ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বেলা ১২টা থেকে সাত ঘণ্টায় বিক্রি হয়েছে প্রায় ৭৩ কোটি টাকার মদ। রাজ্যটিতে মদ বিক্রি শুরু হয়েছিল সোমবার বিকেল তিনটা থেকে।
খবরে বলা হয়েছে, রাজ্যে দেশি ও বিদেশি মদ উভয় ক্ষেত্রেই গড়ে বিক্রি হয়েছে ৪৪-৪৯ কোটি টাকার মদ।
দেশটির ব্যবসায়ীদের দাবি, সোমবার পূর্ণ সময় দোকান খোলা হলে দুদিনে ১৪০ কোটি টাকার ব্যবসা ছাড়িয়ে যেত।
শীর্ষ এক মদ ব্যবসায়ী বলেন , মঙ্গলবার রাজ্যের ২,৫০০ মদের দোকানের মধ্যে প্রায় ১৭০০-১৮০০টি খুলেছে। দেরিতে নির্দেশ আসায় কনটেনমেন্ট জোনে না-থাকা কলকাতা ও হাওড়ার বেশ কিছু দোকান খুলতে পারেনি। তবে তা মঙ্গলবার থেকে খুলে যায়, এবং তার দারুণ চাহিদা ছিল।
এদিকে লকডাউন শিথিল করার পর দেশটিতে করোনায় একদিনে রেকর্ড সংখ্যক মানুষের আক্রান্ত ও মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪৯ হাজার ৪৩৬ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৬৯৫ জনের।




