
বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারত এখন করোনাভাইরাসের (কভিড-১৯) হটস্পট। দক্ষিণ এশিয়ার দেশটিতে সংক্রমণ কত দ্রুততায় বাড়ছে তার জন্য একটি পরিসংখ্যানই যথেষ্ট।
সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যা অনুযায়ী, ভারতে ১০ লাখ থেকে শনাক্ত বেড়ে ২২ লাখ হতে সময় নিয়েছে মাত্র ২৪ দিন। শেষ চার দিন টানা গড়ে ৬০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়।
অবশ্য সেই সংখ্যায় কিছুটা স্বস্তি মিলেছে মঙ্গলবারের বুলেটিনে। এ দিন আক্রান্তের সংখ্যা নেমেছে ৫৫ হাজারের নিচে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৫৩ হাজার ৬০১ জন। মৃত্যু হয়েছে ৮৭১ জনের।
মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৬৮ হাজার ৬৭৬ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫ হাজার ২৫৭ জনে।
গত ২৪ ঘণ্টায় ভারতে ৬ লাখ ৯৮ হাজার ২৯০ জনের কভিড পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ২ কোটি ৪৫ কোটি মানুষের।
এদিকে করোনা পরিস্থিতি পর্যালোচনায় পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, পঞ্জাব, বিহার, গুজরাট, তেলেঙ্গানা ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।




