
কয়েকদিনের টানা বৃষ্টিসহ ভয়াবহ বজ্রপাতে অন্তত ৯৩ জন নিহত হয়েছেন। মূলত দেশটির চারটি প্রদেশে এই ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহতের পাশাপাশি আহত হয়েছেন আরো ২০ জন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।
বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, বেশির ভাগ মানুষ খামারে কাজ করতে গিয়ে নিহত হয়েছেন। অনেকে ঘটনাস্থলেই মারা যান। মুমূর্ষ অবস্থায় অনেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দেশটির বিহার দুর্যোগ ব্যবস্থাপনার জ্যেষ্ঠ কর্মকর্তা অনিরুদ্ধ কুমার জানান, নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। আহতদের অবস্থাও আশংকাজনক।
জানা যায়, ভারতে চারটি রাজ্যে এই বজ্রপাতের ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধুমাত্র বিহারেই নিহত হয়েছেন ৫৬ জন। এছাড়া তিন রাজ্য অর্থাৎ মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ এবং ঝাড়খন্ডে মারা গেছেন আরো ৩৭ জন।
প্রতিবছরই বর্ষা মৌসুমের শুরুতে ভারতে ব্যাপক বৃষ্টিপাত আর বজ্রপাতের ঘটনা ঘটে। এতে অনেকেই প্রাণ হারান। এ বছর গত ২১ জুন সন্ধ্যা থেকে এসব রাজ্যে বৃষ্টিসহ বজ্রপাত হচ্ছে।




