ভারতের ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চার সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার কাঁকের জেলার মাহলা গ্রামে এ গোলাগুলির ঘটনা ঘটে।
পাশাপাশি বন্দুকযুদ্ধে বিএসএফের আরও অন্তত দুই সদস্য আহত হয়েছেন বলেও পুলিশের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
খবরে বলা হয়েছে, মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে যায় বিএসএফের ১১৪ ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালাতে থাকে মাওবাদীরা। এতে ঘটনাস্থলেই চার জওয়ানের মৃত্যু হয়। হামলায় নিহতদের মধ্যে তিনজন কনস্টেবল এবং একজন সাব-ইন্সপেক্টর রয়েছেন। এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন কাঁকেরের অ্যাডিশনাল সুপার কীর্তন রাঠোর। মাওবাদী হামলায় আরও দু-জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সুন্দরাজ পিটিআইকে বলেন, এ ঘটনায় চার জওয়ান নিহত হয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন।
দেশটিতে জাতীয় নির্বাচন তথা লোকসভা নির্বাচন শুরুর কয়েক দিন আগে এ গোলাগুলি ও হতাহতের ঘটনা ঘটল। গত বছর রাজ্যটিতে বিধানসভা নির্বাচনের আগের দিনও বিএসএফের সঙ্গে মাওবাদীদের বন্দুকযুদ্ধ হয়েছিল। এর আগে ২০১৪ সালের লোকসভা নির্বাচন চলাকালে মাওবাদী বিদ্রোহীদের হামলায় পুলিশ ও নির্বাচনী কর্মকর্তাসহ ১২ জন নিহত হন।
উল্লেখ্য, মাওবাদীরা ভোট বয়কটের ডাক দিয়েছে। নির্বাচন শুরুর মুখেই এই হামলা চালিয়ে তারা বার্তা দিল যে ভোটেও অশান্তি হয়তো পিছু ছাড়বে না। এই এলাকায় বিপুল পরিমাণ আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।




