উপমহাদেশশিরোনাম

ভারতে পিওন ও নিরাপত্তারক্ষী পদে চাকরির জন্য পিএইচডিধারীদের আবেদন

ভারতে চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরতে ঘুরতে শেষপর্যন্ত পিওন, গাড়িচালক ও নিরাপত্তারক্ষীর পদে চাকরির আবেদন করল প্রায় ১১ হাজার প্রার্থী। অথচ, শূন্যপদ মাত্র ১৫টি। ওই শূন্যপদগুলোতে পিএইচডি, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, এমবিএ ও ইঞ্জিনিয়ারিং পাশ করা ব্যক্তিরাও আবেদন করেছেন। কারণ, তাদের হাতে কোনো চাকরি নেই।
পিওন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণী পাশ চাওয়া হয়। কিন্তু, যোগ্যতার তোয়াক্কা না করেই, কর্মসংস্থানের জন্য ঝাঁপিয়ে পড়েছেন হাজার হাজার ছেলেমেয়ে।
মধ্যপ্রদেশের গোয়ালিয়রে সম্প্রতি ১৫টি শূন্যপদের ঘোষণা করা হয়। শনি ও রোববার ছিল ওই চাকরির পরীক্ষা। শুধু মধ্যপ্রদেশ থেকে নয়, উত্তর প্রদেশ থেকেও চাকরির খোঁজ পেয়ে ছুটে এসেছেন পরীক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রের বাইরে রোদ মাথায় নিয়ে হাজির হাজার হাজার প্রার্থী। বেকারত্বের এ দৃশ্য দেখে সবাই অবাক।
অজয় বাঘেল নামের এক চাকরি প্রার্থী বলেন, তিনি সায়েন্স গ্র্যাজুয়েট। পিওনের পদের জন্য আবেদন করেছেন। আবার উত্তর প্রদেশ থেকে আলতাফ নামের এক আবেদন প্রার্থী পিওনের পদের জন্য পরীক্ষা দিতে এসেছেন। তারাই জানান, পিএইচডি করেছেন, এমন অনেকেই পিওন ও গাড়িচালকের পদের জন্য পরীক্ষা দিচ্ছেন।
অথচ, ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কয়েক মাস আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওই রাজ্যে প্রতি বছর ১ লাখ কর্মী নিয়োগ করা হবে। যদিও পরে তার বক্তব্য, ‘সকলেই সরকারী চাকরি চান। সরকারী চাকরি সকলকে দেয়া সম্ভব নয়।’
পরিসংখ্যান বলছে, সবমিলিয়ে ওই রাজ্যে সরকারের বিভিন্ন দফতর মিলিয়ে শূন্যপদ প্রায় ১ লাখ। এদিকে বেকারের সংখ্যা ৩২ লাখ ৫৭ হাজার ১৩৬ জন।
সূত্র : আজকাল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button