উপমহাদেশশিরোনাম

ভারতে নারীদের ব্যাপারে কিশোরদের দৃষ্টিভঙ্গি উদ্বেগজনক

ভারতে নারীদের ব্যাপারে সেদেশের বয়ঃসন্ধির কিশোরদের দৃষ্টিভঙ্গি নিয়ে উদ্বেগজনক চিত্র বেরিয়ে এসেছে। শিশু বিষয়ক আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের সমীক্ষায় দেখা গেছে, কিশোর আর তাদের অভিভাবকদের একটা উল্লেখযোগ্য অংশ এখনও মনে করে যে সংসার সামলানোই নারীদের প্রধান কাজ এবং নারীরাই তাদের চাকরীর সুযোগ নষ্ট করে দিচ্ছে।
 এদের বিশ্বাস- যৌন হেনস্থার জন্য প্রধানত নারীরাই দায়ী। কারণ তারাই হেনস্থা-কারীদের প্রলুব্ধ করে। অল্পবয়সী মেয়েদের নিরাপত্তা নিয়ে সমীক্ষাটি চালানো হয় পশ্চিমবঙ্গসহ ভারতের ছয়টি রাজ্যের রাজ্যের ৩০টি ছোট বড় শহর আর ৮৪টি গ্রামীণ এলাকার ৫৩৫৯ জনের মধ্যে। এদের মধ্যে এগারোশোরও বেশী বয়:সন্ধির কিশোর আর ৮৪২ জন কিশোরীর অভিভাবকরা রয়েছেন। সমীক্ষায় অংশগ্রহণকারী বাকিরা কিশোরী বা সদ্য যুবতী।
সমীক্ষকদের প্রশ্নের উত্তরে ১১ থেকে ১৮ বছরের কিশোররা জানিয়েছে:
 – গ্রামীণ এলাকার ৬৬% আর শহর এলাকার ৬৩% কিশোর মনে করে মেয়েদের কাজ হল রান্না করা, কাপড় কাচা আর সংসারের দায়িত্ব সামলানো।
– প্রায় ৩৫% কিশোর মনে করে কথা না শুনলে মেয়েদের চড় মারা যেতেই পারে। সেটা নারী নির্যাতনের মধ্যে পড়ে না বলেই তাদের মত।
 – ৩৬% গ্রামীণ কিশোর মনে করে যে মেয়েরা পুরুষদের চাকরী ছিনিয়ে নিচ্ছে। মেয়েদের বিয়ে হয়ে গেলে কাজের কী প্রয়োজন, তাদের তো ভরণপোষণের জন্য কেউ থাকবেই।
 – প্রায় ২৭% কিশোর মনে করেছে সরকার শুধু নারী অধিকার নিয়েই চিন্তিত, তাদের কথা ভাবা হচ্ছে না।
ধর্ষণ আর যৌন হেনস্থা নিয়ে কিশোরদের মতামত:
 – শহর এলাকার ৩১% কিশোর মনে করে যে কিছু যৌন হেনস্থার ঘটনায় নারীরাই দায়ী, অথবা তারাই প্রলুব্ধ করেছে।
 – গ্রামীণ এলাকার ৩২% আর শহরাঞ্চলের ৩০% কিশোর বলেছে কোনও নারী নিশ্চয়ই অসাবধানে এমন কিছু করেছে, যার জন্য তাকে ওই পরিস্থিতিতে পড়তে হয়েছে।
 – শহর এলাকার ৩৮% কিশোর বলেছে কোনও নারী যদি ধর্ষণের সময়ে বাধা না দেয়, তাহলে সেটাকে ধর্ষণ বলাই যায় না।
 – শহরের ৩৩% আর গ্রামের ৩২% কিশোর মনে করেছে, যে কোনও ধর্ষণের ঘটনায় নির্যাতিতা নারীর অতীত নিয়েও প্রশ্ন তোলা উচিত।
 যতজন অভিভাবকের সঙ্গে সমীক্ষকরা কথা বলেছেন, তাদের একাংশও এই প্রতিটি বিষয়কে সমর্থন করেছেন।
 যেমন, শহরাঞ্চলের ৩৬% এবং গ্রামীণ এলাকার ৩৭% বাবা-মা মনে করেন যে মেয়েদের কাজ হল ঘরকন্না সামলানো। গ্রামের ৩৮% অভিভাবক আর শহরের ৩১% বাবা মা মনে করেছেন যে পুরুষদেরই বাড়ির সব ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকা উচিত। উল্লেখযোগ্য হল, একটা বড় অংশের মায়েরা জানিয়েছেন যে ধর্ষিতা নারী নিশ্চয়ই ওই পরিস্থিতির জন্য নিজে দায়ী এবং ধর্ষিতা নারীর অতীতও বিচার্য বিষয় হওয়া উচিত। বিবিসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button