
ভারতে দিন দিন করোনা টেস্টের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১৩৮ কোটি জনসংখ্যার দেশে রেকর্ড ১০ লাখ ২৩ হাজার ৮৩৬ জনের পরীক্ষা করানো হয়েছে।
ভারতে টেস্টের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে করোনা রোগীর সংখ্যাও। টানা ১৮ দিন বিশ্বে দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে করোনার নতুন হটস্পট দক্ষিণ এশিয়ার দেশটি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের শনিবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬৯ হাজার ৮৭৮ জন রোগী শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২৯ লাখ ৭৫ হাজার ৭০১ জনে।
গত ২৪ ঘণ্টায় আরও ৯৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা ৫৫ হাজার ৭৯৪ জনে দাঁড়িয়েছে।
এনডিটিভি জানায়, ১৮ দিন ধরে ভারত দৈনিক সংক্রমণে বিশ্বে প্রথম স্থানে রয়েছে যদিও মোট আক্রান্তে দেশটির অবস্থান তৃতীয়।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, গোটা পৃথিবীতে করোনায় মৃত্যু দাঁড়িয়েছে ৮ লাখ ৩ হাজার ২০০ জন। আক্রান্ত ২ কোটি ৩১ লাখ ১৭ হাজার ৮১৩ জন।
করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৫৭ লাখ ১০ হাজারের মতো।
বৈশ্বিক তালিকায় ১ লাখ ৭৯ হাজার ২০০ মৃত্যু নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত প্রায় ৫৮ লাখ। আক্রান্ত ও মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে ব্রাজিল। দেশটিতে মারা গেছেন ১ লাখ ১৩ হাজারের বেশি। আক্রান্ত ছাড়িয়েছে ৩৫ লাখ ৩৬ হাজারের বেশি।



