Uncategorized

ভারতে আইপিএল নিয়ে নতুন আইনি জটিলতা

ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতীয় ক্রিকেট বোর্ড এখন লোধা কমিটির প্রস্তাব কার্যকর করতে বাধ্য। আর লোধা কমিটির প্রস্তাব কার্যকর হলে বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর, সচিব অজয় শিরকে ও কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরিকে পদত্যাগ করতে হতে পারে।
আর সেক্ষেত্রে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলের সম্প্রচার চুক্তি ঘিরে তৈরি হতে পারে জটিলতা। কারণ, ভারতীয় বোর্ডের আর্থিক স্বাচ্ছন্দ্যের অন্যতম বড় স্তম্ভ হলো আইপিএল। ক্রোড়পতি লিগের সম্প্রচার সত্ত্ব বিক্রি করেই বোর্ড কোটি কোটি টাকা ঘরে তোলে।
সোনি সিক্সের সঙ্গে বোর্ডের চুক্তি আগামী বছর শেষ হচ্ছে। তাই নতুন করে চুক্তি স্বাক্ষরিত হতে পারে। সেটা হয়তো ৩০ আগস্টের মধ্যেই সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু লোধা কমিটির প্রস্তাব ছ’মাসের মধ্যে কার্যকর করতে বোর্ডকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আপাতত গদি বাঁচাতে অনুরাগ ঠাকুররা আইনি পথ খুঁজে বেড়াচ্ছেন।
বোর্ড সূত্রে জানা গেছে, আইপিএলের নতুন সম্প্রচার চুক্তির অঙ্ক ৩-৪ বিলিয়ন ডলার হতে পারে। যা আগে ছিল ১.৬ বিলিয়ন ডলার। আর সেক্ষেত্রে সোনি সিক্সের চুক্তির অর্থ নিয়ে আলোচনায় শেষ পর্যন্ত অনুরাগ ঠাকুররা অংশ নিতে পারবেন কি না তা নিয়েই প্রশ্ন উঠছে। তবে বোর্ড সূত্রে জানা গিয়েছে, লোধা কমিটির বেশ কিছু প্রস্তাব মানতে এখনো রাজি নয় শীর্ষ কর্তারা। বিশেষ করে ৯ বছর এক বা একাধিক পদে একটানা কিংবা ধাপে ধাপে দায়িত্বে থাকলেও আর কোনো ব্যক্তি বোর্ডে কিংবা সংশ্লিষ্ট রাজ্য ক্রিকেট সংস্থার পদাধিকারী হতে পারবেন না। এই আইনে অনেক বোর্ড কর্তাকে ক্ষমতা ছাড়তে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button