বাংলাদেশসহ ১৩ দেশকে হাইড্রোক্সিক্লোরোকুইন (এইচসিকিউ) সরবরাহ দিচ্ছে ভারত। বার্তা সংস্থা এএনআই এ খবর দিয়েছে।
বাকি দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, বাহরাইন, ব্রাজিল, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ, সিসিলি ও ডোমিনিকান প্রজাতন্ত্র।
এর মধ্যে যুক্তরাষ্ট্র চেয়েছে ৪৮ লাখ এইচসিকিউ ট্যাবলেট। তার বিপরীতে ভারত বরাদ্দ করেছে ৩৫ লাখ ৮২ হাজার ট্যাবলেট। এ ছাড়া দেশটির অনুরোধে ৯ টন অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) পাঠিয়েছে ভারত।
অনুমোদনের অধীনে বাংলাদেশ পাবে ২০ লাখ এইচসিকিউ ট্যাবলেট। নেপাল পাবে ১০ লাখ। ভুটান পাবে ২ লাখ। শ্রীলঙ্কা পাবে ১০ লাখ। আফগানিস্তান পাবে ৫ লাখ। মালদ্বীপ পাবে ২ লাখ ট্যাবলেট।
দ্বিতীয় দফায় জার্মানির জন্য বরাদ্দ করা হয়েছে ৫০ লাখ এইচসিকিউ ট্যাবলেট। প্রথম দফায় তারা পাবে ১.৫ টন এপিআই। ভারত সব মিলিয়ে এক কোটি ৪০ লাখ এইচসিকিউ ট্যাবলেট এবং ১৩.৫ টন এপিআই পাঠাবে।
এ ছাড়া ব্রাজিল ও কানাডায় পাঠানো হবে ৫০ লাখ এইচসিকিউ ট্যাবলেট। প্রথম দফায় ব্রাজিল পাবে ০.৫৩ টন এপিআই।
ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মতে, ভারতে বর্তমানে আছে ৩ কোটি ২৮ লাখ এইচসিকিউ ট্যাবলেট। আর দেশে প্রয়োজন এক কোটি ট্যাবলেট। ওদিকে এইচসিকিউ সরবরাহ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ধন্যবাদ জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও।
এইচসিকিউ হলো ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত একটি ওষুধ। করোনাভাইরাস চিকিৎসায় তা উপকারী বলেই মনে করা হচ্ছে।




