
পতাকা ডেস্ক : শুক্রবার বাদ জুমআ রাজধানী ঢাকায় ভারতীয় পণ্য বয়কটের ডাকে গণঅধিকার পরিষদ বিশাল বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভে গণঅধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি কালভার্ট রোড থেকে শুরু হলে পুলিশের একটি টিম এসে বাঁধা প্রদান করে এবং বলে রাজপথে ভারতীয় ইস্যুতে প্রোগ্রাম করার কোন অনুমতি নেই। পরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা স্লোগান দিয়ে পুলিশের বাঁধা উপেক্ষা করে মিছিল শুরু করে, নয়াপল্টন হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে জামান টাওয়ারে এসে শেষ হয়।
বিক্ষোভ শেষে গণঅধিকার পরিষদের আহবায়ক কর্ণেল অব: মিয়া মশিউজ্জামান বলেন, আমরা ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের হাত থেকে মুক্তি না পেলে দেশের স্বাধীনতা সার্বভোমত্ব বলে কিছু থাকবেনা। আজকে পুরো বাংলাদেশটাকে ভারতীয় তাবেদার বাহিনী অক্টোপাসের মতন গিলে ফেলেছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গেলে অনেক ঝুকিপূর্ণ। তা সত্বেও আমরা দেশ ও জাতির মুক্তির জন্য এ লড়াইয়ে নেমেছি।
গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, এ লড়াই অনেক কঠিন এবং অনেক চ্যালেঞ্জিং জানা সত্বেও আমরা রাজপথে নেমেছি। আমরা জানি, ভারতের হাত থেকে দেশকে মুক্ত করতে না পারলে বিজয় আসবেনা।
আজকে দেখুন বিমানে বাংলাদেশের একজন যাত্রী অসুস্থ হয়ে পড়েছে, ভারত জরুরি অবতরণ করতে দেয়নি কিন্তু পাকিস্তান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে৷ এই ঘটনার কেউ যদি বলে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আমি মনে তার মাথায় সমস্যা আছে।
আজকে আমাদের সীমান্ত অরক্ষিত, প্রতিনিয়ত ভারতীয় সীমান্ত বাহিনীর গুলিতে বাংলাদেশের নাগরিকগণ মারা পড়ছে। কিন্তু এর কোন বিচার আজ পর্যন্ত হয়নি, আর হবে বলে আমরা মনেও করিনা। ভারতীয় পণ্য বয়কটের মাধ্যমে আমাদের এ লড়াই চলবে।
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন গণনেতা তারেক রহমান, মোহাম্মদ আতাউল্লাহ, প্রফেসর মাহবুব হোসেন, সাংবাদিক আরিফুর রহমান তুহিন, মাহবুব জনি,এডভোকেট শিরিন আকতার, ইঞ্জিনিয়ার ফাহিম, জিয়াউর রহমান, আরিফ বিল্লাহ; মহানগর নেতা শফিকুল ইসলাম রতন, আব্দুল্লাহ, ফায়সাল আহমেদ; যুবনেতা সাকিব হোসাইন, সোহেল মৃধা ; ছাত্রনেতা মোল্লা রহমতুল্লাহ, মুনতাসীর মাহমুদ প্রমূখ।।




