ভারতকে গো-হারা হারাল শ্রীলঙ্কা

ভারতকে শোচনীয়ভাবে হারিয়ে একদিনের আন্তর্জাতিক সিরিজে শুভ সূচনা করল শ্রীলঙ্কা। রোববার ধরমশালায় অনুষ্ঠিত ম্যাচে ভারতকে ৭ উইকেটে পরাজিত করেছে শ্রীলঙ্কা। এর ফলে তিন ম্যাচ সিরিজে ১-০-এ এগিয়ে গেল শ্রীলঙ্কা।
ভারতকে ১১২ রানে অল আউট করার মধ্যেই শ্রীলঙ্কার জয় নিশ্চিত হয়ে ছিল। বাকি ছিল আনুষ্ঠানিকতা। তা শ্রীলঙ্কা তাদের তিন ব্যাটসম্যানকে হারিয়ে নিশ্চিত করে ফেলে। ১৭৬ বল হাতে রেখে তারা জয় তুলে নেয়। এ ধরনের শোচনীয় পরাজয়ের তিক্ত স্বাদ অনেক দিন ভারত পায়নি।
ভারতের অবস্থা আরো খারাপ হতে পারত যদি মহেন্দ্র ধোনি হাল না ধরতেন। তার ৮৭ বলে ৬৫ রানের ইনিংস ভারতকে আরো শোচনীয় অবস্থা থেকে রক্ষা করে। স্বাগতিক দলের ৭ ব্যাটসম্যান এক অঙ্কের স্কোর করে বিদায় নেন।
ভারতের বিপক্ষে টি২০ সিরিজের প্রাথমিক দলে মালিঙ্গা, জীভান মেন্ডিস
ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি২০ সিরিজের জন্য শ্রীলঙ্কার প্রাথমিক ২০ সদস্যের দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার লাসিত মালিঙ্গা ও অল-রাউন্ডার জিভান মেন্ডিস। ২০১৩ সালে লংকানদের জার্সি গায়ে সর্বশেষ টি২০ ম্যাচ খেলেছিলেন মেন্ডিস।
এদিকে মালিঙ্গা সর্বশেষ গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টি২০ সিরিজে খেলেছেন। তবে পাকিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ওয়ানডে ও টি২০ সিরিজে তিনি দলে ছিলেন না। ফর্মহীনতার কারণে ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজেও মালিঙ্গা দলে নেই। টি২০ দলের নেতৃত্বে যথারীতি থাকছেন থিসারা পেরেরা।
আগামী ২০ ডিসেম্বর থেকে কাটাকে শুরু হওয়া টি২০ সিরিজের জন্য লঙ্কানরা ২০ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে। ওয়ানডে দল থেকে শুধুমাত্র বাদ পড়েছেন সুরাঙ্গা লাকমাল। ওয়ানডে দলের সাথে টি২০ দলে যোগ হয়েছেন মালিঙ্গা, মেন্ডিস, দুসান শানাকা, ইসুরু উদানা ও বিশ্ব ফার্নান্দো। ওয়ানডে সিরিজের পরেই নির্বাচকরা প্রাথমিক দল থেকে ১৫জনের চূড়ান্ত দল ঘোষনা করবেন। ২০ ডিসেম্বর কাটাকে প্রথম ম্যাচের পরে ইন্দোরে ২২ ডিসেম্বর দ্বিতীয় ও ২৪ ডিসেম্বর মুম্বাইয়ে তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।




