slider

বড়াইগ্রামে স্ত্রীকে গলা কেটে হত্যা করে পালিয়েছে স্বামী

নাটোর প্রতিনিধি: বড়াইগ্রামে পরকীয়ার জেরে স্ত্রী বিউটি খাতুন (৪০)কে গলা কেটে হত্যা করেছে স্বামী আব্দুর বারেক সরকার (৪৮)। শনিবার দিবাগত মধ্য রাত অর্থাৎ ২৫ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে নিজ ঘরে স্ত্রীকে ধারালো হাসুয়া দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় ঘাতক স্বামী। উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর স্কুলপাড়ায় এই ঘটনা ঘটে। ঘাতক স্বামী আব্দুল বারেক ওই এলাকার মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে। সে পেশায় একজন ভটভটি চালক। নিহত বিউটি ওই এলাকারই আলতাফ হোসেনের মেয়ে। তাদের সংসারে ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। ঘটনার রাতে ঘরে ১২ বছর বয়সী মেয়ে মাহি আক্তার উপস্থিত ছিলো এবং মেয়ের সামনেই এই নৃশংস হত্যাকান্ড চালায় আব্দুল বারেক।
প্রতিবেশী ও পুলিশ জানায়, একই এলাকার জনৈক ওয়ার্কশপ মিস্ত্রির সাথে স্ত্রী বিউটি খাতুনের পরকীয়া সম্পর্ক রয়েছে সন্দেহে প্রায়ই দাম্পত্য কলহের সৃষ্টি হতো। রাতে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়ার এক পর্যায়ে স্বামী আব্দুল বারেক ধারালো হাসুয়া দিয়ে স্ত্রী বিউটির গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এ সময় মেয়ে মাহি’র চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দেখে বিউটি বেগম রক্তাক্ত মৃত দেহে মেঝেতে পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মেয়ে মাহি জানায়, তার বাবা তার মাকে হাসুয়া দিয়ে গলা কেটে মেরে ফেলেছে। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় এই ব্যাপারে বাপের নাম যেনো না বলে তার জন্য মেয়েকে শাসিয়ে যায়।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক স্বামীকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা রুজু করার প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button