বড়াইগ্রামে শত্রুতার জেরে বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধন

জুয়েল রানা,বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৬ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুবৃত্তরা। শনিবার দিবাগত রাতে উপজেলার মহানন্দগাছা গ্রামের মৃত ঈমান আলী খন্দকারের পুত্র মো. সাদেক খন্দকারের পুকুরে বিষ প্রয়োগ করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, মহানন্দগাছা জামে মসজিদের দুই বিঘা পুকুর তিন বছর মেয়াদি লিজ নিয়ে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন সাদেক খন্দকার। কিন্তু রাতে দুবৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করায় আনুমানিক ৬লক্ষ টাকা মূল্যের রুই, কাতলা, সিলভার,মৃগেল, টেংরা, পপদা সহ প্রায় ৬০মণ মাছ মারা গেছে।
মৎস্যচাষী সাদেক খন্দকার বলেন, “রোববার সকালে খবর পেয়ে দ্রুত পুকুরে গিয়ে দেখি পুকুরের মাছ মরে ভেসে উঠছে। পুকুরে থাকা অন্যান্য মাছগুলো বাঁচানোর লক্ষে রোববার সারাদিন পুকুরে তিন পাড় থেকে ১টি মর্টার ও ২টি ইঞ্জিন চালিত শ্যালো মেশিন দিয়ে পানি সেচ দিয়ে পুকুর ভর্তি করি। তারপরেও পুকুরের মাছ বাঁচানো সম্ভব হয়নি। এ বিষয়ে থানায় এসেছি, অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।”
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু সিদ্দিক বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



