ব্রিটিশ রাজপরিবারে এলো নতুন অতিথি
ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি এবং ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলের ঘর আলো করে এক পুত্র সন্তানের জন্ম হলো। নবজাতকের বাবা প্রিন্স হ্যারি স্বয়ং এক বিবৃতিতে তাদের সন্তান জন্মদানের কথা ঘোষণা করেন।
প্রিন্স হ্যারি জানান, সোমবার সকালে স্বাস্থ্যবান একটি ছেলে শিশুর জন্ম দিয়েছে মেগান। সন্তান জন্মদানের ঘটনায় তারা দুজনেই আনন্দিত।
তিনি বলেন, ‘মা এবং শিশু দুজনেই ভালো আছে। এটি আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর একটি ঘটনা যা কল্পনারও বাইরে। মনে হচ্ছে যেন আমি চাঁদে উঠে গেছি।’
প্রিন্স হ্যারি জানান, এখনো তারা সন্তানের নাম ঠিক করেননি। নাম ঠিক করা হলে তা পরবর্তীকালে জানানো হবে।
এদিকে কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে বলা হয়, সোমবার সকাল ৫ টা ২৬ মিনিটে ৭ পাউন্ড এবং ৩ আউন্স ওজনের একটি সুস্থ শিশুর জন্ম দেন ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল।
ব্রিটিশ রাজপরিবারের নতুন এই শিশুটি রাজ সিংহাসনের উত্তরাধিকারীর তালিকায় সপ্তম স্থানে আছে।




