ব্রাজিলের দুর্দান্ত শুরু

বিশ্বকাপ প্রস্তুতি দুর্দান্তভাবে শুরু করল ব্রাজিল। যে রাশিয়ায় হবে আসন্ন বিশ্বকাপ ফুটবলের আসর, সেই দেশকেই হেসেখেলে ৩-০ গোলে হারাল তারা। তাও আবার দলের প্রধান খেলোয়াড় নেইমারকে ছাড়াই। ফলে বিশ্বকাপের অন্যতম দাবিদার যে তারা হবে তাতে সন্দেহ নেই। তবে মিরান্ডা, কুতিনহো ও পাউলিনহোরা প্রমাণ করেছেন, নেইমারের অনুপস্থিতি তারা পূরণ করে দিতেও পারেন।
শুরুতে কিছুটা ছন্দহীন ব্রাজিল দ্রুতই নিজেদের খুঁজে পায়। একের পর এক আক্রমণ করতে থাকে তারা; কিন্তু শেষটা ভালো হচ্ছিল না। প্রথমার্ধে দুই-তৃতীয়াংশের বেশি সময় বল দখলে রেখেও তাই প্রতিপক্ষের গোলরক্ষককে বড় কোনো পরীক্ষায় ফেলতে পারেনি তিতের দল।
২৫তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে কৌতিনিয়োর জোরালো শটে বল যায় গোলরক্ষকের হাতে। দুই মিনিট পর গোল করার মতো পজিশনে বল পেয়ে একই কাজ করেন উইলিয়ান।
বিরতির আগে সেরা সুযোগটি অবশ্য পায় স্বাগতিকরা। ৩৭তম মিনিটে ১০ গজ দূর থেকে উড়িয়ে মারেন মিডফিল্ডার আলেকসেই মিরানচুক।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ডি-বক্সের মধ্যে থেকে পাওলিনিয়োর নেওয়া শট ঠেকান ইগর আকিনফিভ। চার মিনিট পর ব্রাজিলের আরেকটি প্রচেষ্টা গোলরক্ষকের মাথায় লেগে বাইরে চলে যায়।
৫৩তম মিনিটে অপেক্ষা শেষ হয় নেইমারবিহীন ব্রাজিলের। ডান দিক থেকে উইলিয়ানের ক্রসে চিয়াগো সিলভার হেড ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক; কিন্তু দলকে বিপদমুক্ত করতে পারেননি। গোলমুখে আলগা বল পেয়ে জালে ঠেলে দেন ইন্টার মিলানের ডিফেন্ডার মিরান্দা।
৬২তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন বার্সেলোনার মিডফিল্ডার কৌতিনিয়ো। ডি-বক্সে পাওলিনিয়ো পেছন থেকে ফাউলের শিকার হলে স্পট কিকটি পায় তারা। চার মিনিট পর উইলিয়ানের ক্রসে বল ছয় গজের বক্সে পেয়ে হেডে নিজেই তৃতীয় গোলটি করেন বার্সেলোনার আরেক মিডফিল্ডার পাওলিনিয়ো।
এই নিয়ে টানা আট ম্যাচ অপরাজিত রইলো ব্রাজিল।
আগামী মঙ্গলবার বার্লিনে স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে তিতের শিষ্যরা। আর রাশিয়া খেলবে ফ্রান্সের বিপক্ষে।




