slider

ব্রাজিলের জয়ে বেড়েছে জার্সি-পতাকা বিক্রি

আব্দুর রাজ্জাক, ঘিওর, মানিকগঞ্জ : গতকাল রাতে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপ ফুটবল আসরের জয় দিয়ে শুরু করে ব্রাজিল। এ জয়ে ঘিওর উপজেলাসহ মানিকগঞ্জের শহর থেকে গ্রামে বেড়েছে দেশটির পতাকা ও জার্সি কেনা, বেচা ও টাঙানোর মহোৎসব। ফুটবলপ্রিয় বেশিরভাগ মানুষ আর্জেন্টিনা ও ব্রাজিল দুই শিবিরে বিভক্ত হয়ে মুহূর্তেই বাক্যবাণে জড়িয়ে পরছেন। প্রিয় দলকে সমর্থন জানিয়ে ছাদে পতাকা, রাস্তা ঘাটে ফেসটুন ব্যানার, কিংবা বসত বাড়ি, গাড়ি এমনকি পুরো ব্রীজ প্রিয় দলের পতাকার রঙে আঁকিয়ে তুলছেন। 
গতকাল শুক্রবার উপজেলার বানিয়াজুরী বাসষ্ট্যান্ডে পতাকা বিক্রেতা আকাশ আহমেদ রফিক বলেন, আর্জেন্টিনা হারার পর, বেশিরভাগ ভক্তদের মাঝে হতাশা চলে আসে। ফলে আর্জেন্টিনার কয়েকশ পতাকা অবিক্রিত রয়ে গেছে। গতকাল ব্রাজিল জেতায় এই দেশটির পতাকা বিক্রি বেড়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৮০টির মতো ব্রাজিলের বড় পতাকা ও ২শ ছোট স্টিকার পতাকা বিক্রি হয়েছে।
ঘিওর সদর বাসষ্ট্যান্ডে ভ্রাম্যমান পতাকা বিক্রেতা নাজির মিয়া বলেন, এই বিশ্বকাপ আসরেই পতাকা বিক্রি করি। আকারভেদে ১শ টাকা থেকে সাড়ে তিনশ টাকা পর্যন্ত একেকটি পতাকা বিক্রি হচ্ছে।
কোন দেশের জার্সি ও পতাকা বেশি বিক্রি হচ্ছে জানতে চাইলে একতা স্পোর্টস এর মালিক শান্তনু বলেন , ‘ব্রাজিলের তুলনায় আর্জেন্টিনার জার্সি ও পতাকার চাহিদা তুলনামূলক বেশি। কিন্তু আর্জেন্টিনার হার এবং ব্রাজিলের জয়ে এবারের প্রেক্ষাপট পাল্টে গেছে। তিনি আরও বলেন, ‘মেসির অনেক বেশি ভক্ত আছেন। তার জনপ্রিয়তার কারণে আর্জেন্টিনার জার্সি বিক্রি হচ্ছে বেশি। তিনি আরো বলেন, জার্সির দাম তুলনামূলক বেশি। পনের দিন আগে যে জার্সির দাম ছিল ৬০০ টাকা সেই জার্সির দাম এখন ৮০০ টাকার বেশি। চাহিদা বেড়ে যাওয়ায় প্রতিটি জার্সির দাম ২০০-২৫০ টাকা বেড়ে গেছে।
সরকারী দেবেন্দ্র কলেজ ছাত্র ইকরামুল ইসলাম ইমন বলেন, ৬ ফুটের একটা ব্রাজিলের পতাকা কিনেছি ৪০০ টাকা দিয়ে। এটি বাড়ির গেটে টাঙিয়ে রাখবো। এছাড়াও ৩ ফুটের ১০টি পতাকা কিনলাম, রাস্তার মোড়ে মোড়ে টাঙানোর জন্য। সাথে বাংলাদেশের পতাকাও কিনেছি।
রাথুরা গ্রাম থেকে থেকে বাবার সঙ্গে জার্সি কিনতে এসেছে ৫ বছরের শিশু ফাতিহা ফারহিম। তার পছন্দের জার্সি হলুদ রংয়ের ব্রাজিল। হাতে নেইমারের প্লেকার্ড। এসময় পাশে থাকা মো: শিপন নামের অপর এক ক্রেতা আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির ছবি দেখিয়ে টিপ্পনী কেটে বলেন, জিললেও আর্জেন্টিনা- হারলেও আর্জেন্টিনা। 
শুক্রবার বিকেলে ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসষ্ট্যান্ড এলাকা থেকে তোলা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button