
বুধবার অসমের গুয়াহাটির কাছে ব্রহ্মপুত্র নদীতে একটি নৌকা ডুবির ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে৷ নৌকাটিতে ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে৷
নদীতীর থেকে মাত্র ২০০ মিটার দূরে নৌকাটি ডুবে যায়৷ প্রাপ্ত খবরে জানা গেছে নৌকাটিতে বেশিরভাগই ছাত্র ছিল৷ মাঝপথে একটি নির্মীয়মাণ পিলারে ধাক্কা খায় নৌকাটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়৷ নৌকাটির মাঝখান থেকে দুভাগ হয়ে ভেঙে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷
কিছু যাত্রী সাঁতরে নিরাপদে পাড়ে উঠে আসেন৷ শেষ খবর পাওয় পর্যন্ত ২৬ জন নিখোঁজ বলে জানা গেছে৷ দুজন যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ এসডিআরএফ বা রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের সদস্যরা উদ্ধার কাজে নেমেছেন৷ কামরূপের ডেপুটি কমিশনার মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছেন৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভরতির কাজ চলছে৷
নৌকাটি গুয়াহাটি থেকে উত্তর গুয়াহাটির মধ্যম খণ্ডের দিকে যাচ্ছিল ৷ টানা বৃষ্টিতে ইতিমধ্যেই জলস্তর বেড়েছে ব্রক্ষ্মপুত্রের৷ ফলে নৌকাটি জলের টানে নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কিছুটা এদিয়ে পিলারে ধাক্কা খায়৷
নৌকায় পড়ুয়ারা ছাড়াও বেশ কয়েকজন মহিলা ও শিশু ছিল৷ এমনকি নৌকায় বেশ কয়েকটি যানবাহনও বহন করা হচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷
Advertisement




