ব্যারিস্টার শাকিলা ফারজানার হাইকোর্টের জামিন বহাল

সন্ত্রাস বিরোধী দুইটি মামলায় ব্যারিস্টার শাকিলা ফারজানাকে হাইকোর্টের জামিন বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ রবিবার এ আদেশ দেয়।
ব্যারিস্টার শাকিলা ফারজানার পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। এর আগে রুল নিস্পত্তি করে শাকিলা ফারজানাকে জামিন দেয় হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের জামিন স্থগিত করে দেয় আপিল বিভাগের চেম্বার বিচারপতি। এ আবেদনের পূর্ণাঙ্গ বেঞ্চে আজ এর শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ শাকিলার জামিন বহাল রাখে। ২০১৫ সালের ১৮ আগস্ট রাতে রাজধানী ঢাকার ধানমন্ডি থেকে চট্টগ্রাম বিএনপির নেতা ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ তিনজনকে আটক করে র্যাব-৭। পরে তাদের চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থানায় দুই মামলায় গ্রেফতার দেখানো হয়।




